ওঙ্কার ডেস্কঃ পুনেতে বাংলার পরিযায়ী শ্রমিক খুনে ফের রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ভোটের আগে শাসক বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি চলছেই। মৃতের পরিবারের পাশে রয়েছে শাসক দল। শুক্রবার সুখেন মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করতে পুরুলিয়া যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, দুপুর ১২টা নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি। পাশাপাশি ভিন রাজ্যে কর্মরত বাঙালি ও পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ইস্যুতেও অবস্থান স্পষ্ট করবেন তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, দেশে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে ভিনরাজ্যের মানুষদের বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দেওয়া হচ্ছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
গত বুধবার দুপুরে পুনের শিকারপুর থানার কোরেগাঁও ভিমা এলাকা থেকে উদ্ধার হয় সুখেন মাহাতোর দেহ। ২০২১ সাল থেকে পুনেতেই একটি গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারী সংস্থায় কাজ করতেন তিনি। কোরেগাঁও ভিমার সংলগ্ন সনৎবাড়ি এলাকা থেকেই তাঁর দেহ উদ্ধার হয়।
শিকরাপুর থানার ইন্সপেক্টর দীপ্রতন গায়কোয়াড় জানান, ঘটনার দিন বিকেল ৩টে নাগাদ তিনি বাড়ি থেকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বেরোলেও কর্মস্থলে না গিয়ে কোরেগাঁও এলাকায় মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করছিলেন। সেই সময় দুই ব্যক্তির সঙ্গে তাঁর বচসা বাধে। সেই সূত্রেই এই হত্যাকাণ্ড। বাংলায় কথা বলার কারণেই তাঁকে মারধর করে খুন করা হয়েছে, এই অভিযোগ খারিজ করেছে মহারাষ্ট্র পুলিশ।
উল্লেখ্য, এর আগেও ভিন রাজ্যে একাধিক বাংলার পরিযায়ী শ্রমিকের প্রাণ গিয়েছে। তা নিয়েও একাধিক বার সরব হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী।
