ওঙ্কার ডেস্ক: সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপাতত স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে পুলিশকে কোনও কড়া পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।
শুক্রবার মামলাটি শুনছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী ৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। আদালত জানিয়েছে, তার আগে অভিষেকের বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় অভিষেকের সেবাশ্রয় প্রকল্পের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের হয়েছে। রবীন্দ্রনগর থানাতেও একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগগুলিতে বেআইনি কাজকর্ম এবং চিকিৎসায় গাফিলতির মতো বিষয় উঠে এসেছে। এই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের হয়। সেই এফআইআর ঘিরে পুলিশের পদক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছিল।
এদিন আদালতের এই রক্ষাকবচের বিরোধিতা করেন রাজ্যের আইনজীবী। তাঁর বক্তব্য, মামলার নথি খতিয়ে না দেখে এবং পূর্ণাঙ্গ শুনানি ছাড়া এমন নির্দেশ দেওয়া উচিত নয়। অভিযোগকারীর আইনজীবীও একই আপত্তি জানান। তাঁর দাবি, মামলাটি শুনে তারপর রক্ষাকবচ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা ইতিমধ্যেই আদালতে রয়েছে। অন্য মামলাতেও তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়েছে।
আদালতের বক্তব্য, রক্ষাকবচ দেওয়ার অর্থ তদন্ত বন্ধ করে দেওয়া নয়। পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারবে।
বিচারপতি আরও জানান, আগামী ২৫ অগস্ট অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর বাতিলের আবেদন নিয়ে শুনানি রয়েছে। সেই মামলার ফলাফলের বিষয়টিও বর্তমান মামলার সঙ্গে সম্পর্কিত।