সম্প্রতি চোখের চিকিৎসা করাতে আদালতের অনুমতি নিয়ে আমেরিকায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিগত ১০ দিন সেখানেই রয়েছেন তিনি। বর্তমানে তাঁর চোখের কি পরিস্থিতি তা জানাতে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন সাংসদ। নিজের ক্ষতিগ্রস্থ চোখের ছবি দিয়ে ইঙ্গিতপূর্ণ দুটি ইংরেজি লাইন যোগ করেছেন তিনি। যার বাংলা তর্জমা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন অনেকে।
ঠিক কী লিখেছেন অভিষেক?
জানা যাচ্ছে, আমেরিকার জন্স হপকিন্স হাসপাতালে অভিষেকের চিকিৎসা চলছে। এর আগে সেখানেই তাঁর চোখের একাধিক অস্ত্রোপচার হয়েছে। এখন তাঁর চোখের পরিস্থিতি কেমন, তা বোঝাতে ইনস্টাগ্রামে একটি ছবি স্টোরিতে পোস্ট করেন অভিষেক। কিন্তু সঙ্গে যে দু’লাইন বার্তা তিনি যোগ করেছেন তা নিয়েই নতুন করে শুরু হয়েছে চর্চা। লিখেছেন, ‘এই ক্ষতচিহ্নই বলে দিচ্ছে আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমার এই চোখই বলে দিচ্ছে, আমি এখনও শেষ হয়ে যাইনি।’
উল্লেখ্য, রাজ্যে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ফাঁপরে পড়েছেন অভিষেক। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। যার ফলে তাঁর বিদেশ যাত্রা নিয়েও সমস্যা তৈরি হয়েছিল। পরে যদিও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই জটিলতা কাটে। এমতাবস্থায় অভিষেক যখন বিদেশে, তখনই শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তাঁর আপ্তসহায়ক সুমিত রায়। অন্যদিকে তৃণমূলের প্রতীক নিয়েও দড়ি টানাটানি অব্যাহত। উদ্ভুত এই পরিস্থিতিতে অভিষেকের এই সমাজমাধ্যমে পোস্ট ও বার্তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার সময় সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে অভিষেকের গাড়ি। গুরুতর আঘাত লাগে অভিষেকের চোখে। তারপোর্ট থেকেই আমেরিকার জন্স হপকিন্স হাসপাতালে চোখের চিকিৎসা করান তিনি।