ওঙ্কার ডেস্ক: ফের কলকাতায় তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বুধবার সকাল থেকেই শহরের একাধিক এলাকায় তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, মোট ছ’টি ঠিকানায় চলছে এই অভিযান। ইডি সূত্রে জানা গিয়েছে, একটি চিটফান্ড মামলার তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি। বুধবার ভোরে নারকেলডাঙায় এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। সেখানে বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চালানো হয়।
অভিযোগ, সংশ্লিষ্ট ব্যবসায়ী চিটফান্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ অন্যত্র বিনিয়োগ করেছিলেন। সেই লেনদেনের সূত্র ধরেই তদন্ত এগিয়েছে। নারকেলডাঙা ছাড়াও নেতাজিনগর এবং রবীন্দ্র সরোবর এলাকায় অভিযান চালিয়েছে ইডি। শহরের আরও কয়েকটি ঠিকানাতেও তল্লাশি চলছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। তদন্তকারীদের নজরে ‘এপিএম’ নামে একটি চিটফান্ড সংস্থা। ইডির অভিযোগ, ওই সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছিল। ইডির অনুমান, পরে সেই অর্থ অন্য একটি সংস্থার মাধ্যমে ভিন্ন খাতে ব্যবহার করা হয়।
এদিকে মঙ্গলবারই জমি দখল এবং বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় নির্মাণ ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় জমি দখল করে আবাসন তৈরির অভিযোগ রয়েছে তাঁর সংস্থার বিরুদ্ধে। এই মামলার তদন্তেই মঙ্গলবার অমিতকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় তদন্তে সহযোগিতা না করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয় বলে ইডি সূত্রে জানা গিয়েছে। অমিতের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগে মামলা হয়েছিল।