ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাল্যবন্ধু তিনি। কিন্তু তাঁরই জমি জবরদখল করা হয়েছিল বলে অভিযোগ। আর সেই সমস্যার সুরাহার জন্য প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন আসগর আলি বোহরা। মুম্বইয়ের মীরা রোডের বাসিন্দা এই অশীতিপর ব্যক্তি মোদীর সঙ্গে দেখা করার পর নড়েচড়ে বসে প্রশাসন। প্রশাসনিক তৎপরতায় অভিযুক্ত বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতা সেই বিতর্কিত জমি ফেরত দেন।
রিপোর্ট অনুসারে, নরেন্দ্র মেহতার মালিকানাধীন নির্মাণ সংস্থার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছিলেন বোহরা। মঙ্গলবার মেহতা জানান, বিতর্কিত জমিটি তিনি বোহরাকে ফিরিয়ে দিয়েছেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে করা অভিযোগও প্রত্যাহার করে নিয়েছেন। মোদীর সঙ্গে সাক্ষাতের পরই প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয় বলে জানা গিয়েছে। মঙ্গলবার মহারাষ্ট্রের সরকারি কার্যালয়ে একটি বৈঠক হয়। সেখানে ছিলেন মুখ্যমন্ত্রীর প্রধান সচিব শ্রীকর পরদেশী। ছিলেন আসগর আলি বোহরাও। অভিযুক্ত বিধায়ক নরেন্দ্র মেহতা ছাড়াও মীর-ভাইন্দর পুরসভার কমিশনার বিনোদ শর্মা এবং শহর পরিকল্পক পুরুষোত্তম শিন্দে উপস্থিত ছিলেন সেই বৈঠকে।
সূত্রের খবর, বৈঠকের সময় মেহতা নগরোন্নয়ন দফতরের কাছে একটি চিঠি জমা দেন। ওই চিঠিতে বিতর্কিত জমি ছেড়ে দেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে জমি নিয়ে চলা বিরোধের অবসান ঘটানোর কথাও জানান। তবে জমিটি কী ভাবে তাঁর হাতে এসেছিল, সে বিষয়ে নিজের বক্তব্যও জানিয়েছেন মেহতা। তাঁর দাবি, ২০১৯ সালে মার্ভিন ফার্নান্ডেজ নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি জমিটি কিনেছিলেন। পুলিশ কমিশনারকেও পৃথক একটি চিঠি দিয়েছেন মেহতা। সেখানে বোহরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের কথা জানিয়েছেন তিনি।