ওঙ্কার ডেস্ক: ইতিহাসে প্রথম বিমান হামলার সতর্কতা জারি করা হল পবিত্র শহর মক্কায়। ইয়েমেনের হুথিরা মক্কাকে লক্ষ্যবস্তু করেছে বলে অভিযোগ ওঠার পর জেদ্দা ও তাইফ-সহ সৌদি আরবের পশ্চিম উপকূলের বেশ কয়েকটি এলাকায় সতর্কা জারি করা হয়েছিল।
সম্প্রতি সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের আকাশসীমায় প্রবেশের আগেই মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোনকে ধ্বংস করে। তার পর এই নজিরবিহীন সতর্কতা জারি করা হল। ইরান-সমর্থিত হুথি এবং সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতে রিয়াধও জড়িয়ে পড়েছে। ইতিমধ্যে হুথিরা সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে, সেই সঙ্গে লোহিত সাগরে তাদের জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করছে। ইজরায়েলি সংবাদপত্র হায়োম-এর একটি প্রতিবেদন অনুসারে, মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরগামী বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছিল। ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথিরা। তাতে সৌদি আরবে ১৩ জন জখম হন। তার একদিন পর এই হামলা চালানো হয়। সৌদি নেতৃত্বাধীন জোট—৫৭টি মুসলিম দেশের জোট—এই হামলার নিন্দা জানিয়েছে।
প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হয় মক্কায়। এমন শহরে ড্রোন ভূপাতিত করার বিষয়ে রিয়াধের বক্তব্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে হুথিরা। হুথিদের পলিটব্যুরোর হাজেম আল-আসাদ সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘মক্কাকে লক্ষ্যবস্তু করার দাবি পুরোনো মিথ্যা, যা আগেও ব্যবহৃত হয়েছে। এখন আর কাউকে বোকা বানাতে পারবে না।’