ওঙ্কার ডেস্ক:রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার নীতি বদলাচ্ছে না ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা এবং ১০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি দিলেও নিজেদের অবস্থানে অনড় থাকার বার্তা দিয়েছে নয়াদিল্লি। রাশিয়া ও ইরান থেকে জ্বালানি তেল কেনে, এমন দেশগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার একটি বিল নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা চলছে। চলতি সপ্তাহেই সেটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই আবহে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করেছেন। তাঁর বক্তব্য, ওয়াশিংটন যে সিদ্ধান্তই নিক, ভারতের নীতিতে তার প্রভাব পড়বে না। ১৪০ কোটি ভারতীয়র স্বার্থের কথা মাথায় রেখেই রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
করোনা পর্বের পর থেকেই রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারের তুলনায় মস্কো তুলনামূলক কম দামে অপরিশোধিত তেল সরবরাহ করছে। এই বাণিজ্য রাশিয়ার কাছেও গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধের কারণে মস্কোর উপর যে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, তেল বিক্রি থেকে পাওয়া অর্থ তার একটি অংশ সামলাতে সাহায্য করছে বলে বিশেষজ্ঞদের একাংশের মত। তবে ভারতের এই নীতিতে আপত্তি রয়েছে ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়নের। রাশিয়া থেকে কেনা অপরিশোধিত তেল পরিশোধনের পর তা অন্য দেশে রফতানি না করার জন্যও ভারতকে সতর্ক করা হয়েছে। এর মধ্যেই মার্কিন প্রশাসনের উদ্যোগে নতুন নিষেধাজ্ঞা আইনের বিষয়টি সামনে এসেছে। প্রস্তাবিত আইনের নাম ‘লিন্ডসে গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান বিল’। মার্কিন সিনেটে বিলটি ৮৬-১১ ভোটে পাস হয়েছে।
প্রস্তাবিত আইনে রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনে এমন পাঁচটি দেশের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর বিধান রয়েছে। ভারত ও চিনের মতো দেশগুলিকে লক্ষ্য করেই এই ব্যবস্থা নেওয়ার উদ্যোগ বলে সংশ্লিষ্ট মহলের মত।