ওঙ্কার ডেস্ক: জার্মানি থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে মাঝপথে ঘুরিয়ে রাজস্থানের জয়পুরে নামানো হল। বুধবার সকালে নিরাপত্তাজনিত সতর্কতার জেরে এই পদক্ষেপ করা হয়। বিমানে বোমা রাখা রয়েছে বা সেটি ছিনতাই হতে পারে, এমন খবর ছড়িয়ে পড়েছিল। তবে প্রাথমিক সূত্রের দাবি, ছিনতাইয়ের গুজবকে কেন্দ্র করে এই পদক্ষেপ করা হয়েছে। প্রকৃত ঘটনা তদন্তের পরই স্পষ্ট হবে।
সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার এআই ২০৩০ বিমানটি জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু ভারতের আকাশসীমায় প্রবেশের পরই নিরাপত্তা সংস্থাগুলির কাছে সতর্কবার্তা পৌঁছয়। এরপর বিমানটিকে জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জয়পুর বিমানবন্দরের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিমান ছিনতাইয়ের গুজব ছড়িয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, এটি বোমাতঙ্কের ঘটনা নয়। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
সূত্রের খবর, বুধবার সকাল ৯টা নাগাদ আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানের কাছ থেকে একটি জরুরি সংকেত পায়। প্রায় ৯ সেকেন্ড স্থায়ী ছিল সেই সংকেত। এর কিছুক্ষণের মধ্যেই, সকাল ৯টা ১০ মিনিট নাগাদ, বিমানটিকে জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। সকাল পৌনে ১০টা নাগাদ সেটি নিরাপদে অবতরণ করে। বিমানটি অবতরণের পর যাত্রীদের নামিয়ে তল্লাশি চালানো হয় বলে সূত্রের খবর। নিরাপত্তার স্বার্থে বিমানটিকে অন্য জায়গায় আলাদা করে রাখার ব্যবস্থাও করা হয়েছে। তবে এই ঘটনা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এয়ার ইন্ডিয়া বা বিমানবন্দর কর্তৃপক্ষ।