ওঙ্কার ডেস্ক: শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও জোরদার করার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়িতে এসে তিনি জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই করিডর সুরক্ষায় একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিলিগুড়ি করিডরকে ‘চিকেন নেক’ বলা হয়। এই সরু ভূখণ্ডই দেশের মূল অংশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।
রানিডাঙ্গায় এসএসবির উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে একটি অনুষ্ঠানে যোগ দেন শাহ। সেখানেই নিরাপত্তা পরিকল্পনার কথা জানান তিনি।
শাহের দাবি, করিডরের সুরক্ষায় বিশেষ ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। চোপড়া, কিষাণগঞ্জ এবং ধুবড়িকে ঘিরে নজরদারি জোরদার করা হয়েছে। এই তিন এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিও বাড়ানো হয়েছে বলে জানান তিনি। সামরিক মহড়ার মাধ্যমেও প্রস্তুতি নিয়মিত যাচাই করা হচ্ছে। শাহ বলেন, শিলিগুড়ি করিডর নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু সীমান্ত সুরক্ষা নয়, প্রশাসনিক পরিকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রায় ১৮৯ কোটি টাকার একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়। এর মধ্যে প্রশাসনিক এবং আবাসিক পরিকাঠামোর প্রকল্প রয়েছে।
শিলিগুড়িকে ঘিরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথাও উঠে আসে। দিল্লির সঙ্গে দ্রুত রেল যোগাযোগ গড়ার পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসএসবি জওয়ানদের কাজের প্রশংসা করেন এদিন শাহ। সীমান্ত পাহারায় তাঁদের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
তিনি জানান, ১৯৬৫ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করেছে এসএসবি। কার্গিল যুদ্ধের পর সীমান্তভিত্তিক নিরাপত্তা ব্যবস্থায় বাহিনীটির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়েছে।
বর্তমানে ভারত-নেপাল এবং ভারত-ভুটান সীমান্তের বিস্তীর্ণ অংশে নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে এসএসবি। উন্মুক্ত ও কাঁটাতারহীন সীমান্তে কাজ করা কঠিন বলেও উল্লেখ করেন শাহ। বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই জওয়ানরা দায়িত্ব পালন করছেন বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। শিলিগুড়ি করিডরের নিরাপত্তায় এই ভূমিকা আরও গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কেন্দ্র।