ওঙ্কার ডেস্ক: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সরকারি সফরের তথ্য প্রকাশ করতে আপত্তি জানাল নির্বাচন কমিশন। তাঁর সফরগুলিতে সরকারি কত পরিমাণ অর্থ খরচ হয়েছে, সেই তথ্যও দিতে অস্বীকার করেছে নির্বাচন পরিচালক সংস্থা। তথ্য জানার অধিকার আইনে করা এক আবেদনের জবাবে নিজেদের এই অবস্থানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
কমিশনের দাবি, যে তথ্য চাওয়া হয়েছে তা ব্যক্তিগত তথ্যের পর্যায়ে পড়ে। তাই তা প্রকাশে বাধ্য নয় তারা।তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও মুখপাত্র সাকেত গোখলে এই আরটিআই আবেদনটি করেছিলেন। গত ১৮ জুন তিনি আবেদনটি জমা দেন। জ্ঞানেশ কুমার ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন। সেই দিন থেকে আবেদনের তারিখ পর্যন্ত তাঁর সরকারি সফরের তথ্য চেয়েছিলেন গোখলে।আবেদনে একাধিক বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়। এর মধ্যে ছিল মোট সরকারি সফরের সংখ্যা। দেশ ও বিদেশের সফরের আলাদা তালিকাও চাওয়া হয়েছিল। প্রতিটি সফরের তারিখ ও সময়কাল জানতে চেয়েছিলেন গোখলে। গন্তব্য এবং সফরের সরকারি কারণও জানতে চাওয়া হয়।
সফরে ব্যবহৃত যাতায়াতের মাধ্যম এবং ভ্রমণের শ্রেণির তথ্যও চাওয়া হয়েছিল। সরকারি খরচে সঙ্গে যাওয়া আধিকারিকদের সংখ্যাও জানতে চাওয়া হয়। তাঁদের পদমর্যাদার তথ্যও চাওয়া হয়েছিল। এছাড়াও প্রতিটি সফরে সরকারি অর্থে কত খরচ হয়েছে, তার হিসাব চাওয়া হয়। ভ্রমণ, হোটেল এবং আবাসনের খরচও এর মধ্যে ছিল। দৈনিক ভাতা এবং স্থানীয় পরিবহণের খরচের তথ্যও চেয়েছিলেন গোখলে। বিদেশ সফরের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা বিনিময় এবং আতিথেয়তা সংক্রান্ত খরচের হিসাবও চাওয়া হয়। গত ৩১ জুলাই কমিশন গোখলের আবেদনের জবাব দেয়। সেখানে বলা হয়, যে তথ্য চাওয়া হয়েছে তা ব্যক্তিগত তথ্যের আওতায় পড়ে!