ওঙ্কার ডেস্ক: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় বিক্ষোভ মহিলাদের। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের দফতরে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে অভিযোগ জানান স্থানীয় মহিলারা। তাঁদের দাবি, প্রায় দু’মাস আগে তাঁরা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন। এখনও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি।
১৭ অগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে। এরপরও অনেকের অ্যাকাউন্টে টাকা না আসায় অসন্তোষ বাড়তে থাকে। রাজ্যের বিভিন্ন জায়গাতেও একই অভিযোগে বিক্ষোভ হয়েছে। বেহালা চৌরাস্তায় মহিলারা প্রতিবাদ দেখান। বিরাটিতে রেল অবরোধের ঘটনাও ঘটে। ডায়মন্ড হারবার, বজবজ এবং কল্যাণীতেও বিক্ষোভ হয়েছে। পশ্চিম মেদিনীপুরের সবং, পুরুলিয়া এবং বালুরঘাটেও প্রতিবাদ দেখান মহিলারা। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দফতরের সামনেও বিক্ষোভ হয়। সেই সময় সেখানে পৌঁছন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিক্ষোভকারীরা মন্ত্রীকে ঘিরে তাঁদের সমস্যার কথা জানান। তাঁদের অভিযোগ শোনেন মন্ত্রী। এরপর সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। অগ্নিমিত্রা পাল আবেদনকারীদের ‘এনরোলমেন্ট নম্বর’ সংশ্লিষ্ট আধিকারিকের কাছে জমা দিতে বলেন। তাঁর আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে বুধবার নবান্নে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে অন্নপূর্ণা যোজনা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এই প্রকল্পের প্রচারে মন্ত্রীদের ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়। যাঁরা ইতিমধ্যে টাকা পেয়েছেন, তাঁদের মাধ্যমে প্রচারের পরিকল্পনা নিয়েও কথা হয়েছে বলে জানা গিয়েছে।