ওঙ্কার ডেস্ক: বাংলায় পুজোর আগে ফের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই মাসের মধ্যে দ্বিতীয়বার কলকাতা সফরে স্বরাষ্ট্রমন্ত্রী। এবার শহরের বিভিন্ন দুর্গাপুজোর উদ্বোধনে উপস্থিত থাকবেন বলে খবর। জানা গিয়েছে, মহালয়ার পরদিনই কলকাতা ও সল্টলেকের একাধিক পুজোয় ফিতে কাটবেন শাহ। ইতিমধ্যেই সল্টলেকের ইজেডসিসি-তে বিজেপির উদ্যোগে ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’-এর খুঁটিপুজো হয়ে গিয়েছে। এবার সেই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি উত্তর কলকাতারও বেশ কয়েকটি নামী মণ্ডপে উপস্থিত থাকার কথা তাঁর। গত বছর এই দায়িত্ব সামলেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবারে সেই জায়গায় দাঁড়িয়ে পুজো উদ্বোধনের দায়িত্ব নিয়েছেন শাহ নিজেই।
রাজনৈতিক মহলের মতে, শাহের এই সফর নিছক উৎসব উপলক্ষ নয়, বরং তা আগামী বিধানসভা ভোটের প্রস্তুতির অঙ্গ। পশ্চিমবঙ্গে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে বিজেপি। ভিনরাজ্যে বাঙালিদের ওপর হামলার অভিযোগে রাজ্যের সংগঠন অস্বস্তিতে। তাই বাঙালিয়ানার আবেগকে সামনে রেখেই উৎসবের আবহে নতুন কৌশল নিয়েছে গেরুয়া শিবির। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বঙ্গ সফরে মা দুর্গা ও মা কালীর নাম উল্লেখ করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি নিছক কাকতালীয় নয়, বরং বাংলার সাংস্কৃতিক আবেগে নিজেদের আরও প্রাসঙ্গিক করে তুলতেই এই পদক্ষেপ।
অন্যদিকে, আগামী ২২ অগস্ট ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরে এটি হতে চলেছে তাঁর তৃতীয় বঙ্গ সফর। ওই দিনই কলকাতার তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি দমদম সেন্ট্রাল জেল গ্রাউন্ডে নির্ধারিত রয়েছে একটি মেগা জনসভা। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মোদীর এই সফরে কী রাজনৈতিক বার্তা উঠে আসে, সেদিকেই এখন নজর রাজ্যের রাজনৈতিক মহলের।
