নিজস্ব সংবাদদাতা, কলকাতা: গত বছরের মতো এবারও দুর্গাপুজোয় পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি, একদিনে একাধিক পুজো মণ্ডপ ঘোরার পরিকল্পনা রয়েছে তাঁর।
এবার দুর্গাপুজোয় সপ্তমী পড়েছে দু’দিন, ১৭ ও ১৮ অক্টোবর। সূত্রের খবর, প্রথম সপ্তমী অর্থাৎ ১৭ অক্টোবর সন্ধ্যার পর আমদাবাদ থেকে কলকাতার বিমানে উঠবেন শাহ। রাত ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা তাঁর। সেখান থেকে সরাসরি চলে যাবেন আলিপুরের ‘সৌজন্য’ অতিথিশালায়। সেখানেই রাত্রিবাস করবেন তিনি।
পরদিন, দ্বিতীয় সপ্তমীতে দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। সকালে সৌজন্য থেকে তিনি সোজা যাবেন বেলুড় মঠে। সেখানে বেশ কিছুটা সময় কাটাবেন। বেলুড় থেকে বেরিয়ে যাবেন বালির দেশবন্ধু ক্লাবের পুজো মণ্ডপে। সেখান থেকে ফিরে আসবেন ফের অতিথিশালায়।
এরপর বিকেলে তাঁর গন্তব্য দক্ষিণ কলকাতা। চেতলার ২৪ পল্লির পুজো মণ্ডপ ঘুরে যাবেন উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়িতে। সেখানে পুজো ও আরতি দেখবেন, কিছুটা সময় কাটাবেন। সবশেষে যাবেন শ্রীভূমির পুজো মণ্ডপে। শ্রীভূমি ঘুরেই বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন শাহ। দ্বিতীয় সপ্তমীতেই দিল্লি ফিরে যাবেন তিনি।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর এটাই প্রথম দুর্গাপুজো। মহালয়ায় ইডেন গার্ডেন্সে বড় অনুষ্ঠান করে পুজোর সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসেননি। তবে পুজোর মধ্যে শাহের আসার সম্ভাবনার কথা নবান্ন সূত্রেই শোনা যাচ্ছিল। অবশেষে তাঁর সফরসূচি চূড়ান্ত হল।
গত বছরও পুজোর সময় রাজ্যে এসেছিলেন শাহ। গিয়েছিলেন সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় এবং সল্টলেকের EZCC-র পুজো মণ্ডপের উদ্বোধন করেছিলেন। তবে এবার তাঁর তালিকায় সন্তোষ মিত্র স্কোয়ার বা EZCC নেই।