নিজস্ব সংবাদদাতা: আমেরিকার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে বিক্ষোভের মুখে পড়লেন বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। সোমবার তিনি বিমানবন্দরে নামতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান কয়েকজন প্রবাসী বাংলাদেশি।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, হুইলচেয়ারে করে বিমানবন্দর দিয়ে যাচ্ছেন নোবেলজয়ী ইউনূস। পিছন থেকে কয়েকজন ‘গো ব্যাক’ স্লোগান দিতে দিতে তাঁর দিকে এগিয়ে আসছেন। এক বিক্ষোভকারীকে বলতে শোনা যায়, “আপনি একজন সন্ত্রাসবাদী। বাংলাদেশের মানুষকে খুন করেছেন। কেন এখানে এসেছেন?”
বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, বিক্ষোভকারীরা আওয়ামী লীগের সমর্থক প্রবাসী বাংলাদেশি। যদিও বিক্ষোভকারীদের নাম-পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। বিক্ষোভের সময় দ্রুত হুইলচেয়ারে থাকা ইউনূসকে সরিয়ে নিয়ে যান তাঁর সঙ্গী লামিয়া মোরশেদ, এমনটাই জানিয়েছে ঢাকার ‘ডেইলি সান’।
বিক্ষোভকারীদের অভিযোগ, ইউনূসের আমলে কয়েক হাজার পুলিশকর্মীর মৃত্যু হয়েছে এবং প্রায় দু’লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়েছিল।
ঘটনা নিয়ে মুখ খুলেছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, ইউনূসের সামনে বিক্ষোভ দেখানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। সেই পদ ছাড়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার দোহা থেকে কাতার এয়ারওয়েজের বিমানে নিউ ইয়র্কে পৌঁছন ইউনূস। বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনাল দিয়ে বেরোনোর সময়ই বিক্ষোভের মুখে পড়েন তিনি। এই বিষয়ে এখনও পর্যন্ত ইউনূসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।