নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: কংগ্রেস আগামী তিন দশকেও কেন্দ্রে ফিরতে পারবে না বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মতে, লাগাতার হারের কারণ ঢাকতেই বিরোধীরা নির্বাচনে কারচুপির তত্ত্ব সামনে আনছে।
বৃহস্পতিবার ছিল শাহের ৬২তম জন্মদিন। ওইদিন দিল্লিতে যমুনা সংস্কারের ৮ হাজার ৯৪১ কোটি টাকার কর্মসূচির সূচনা মঞ্চ থেকে তিনি এই মন্তব্য করেন। বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল কংগ্রেস এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা।
শাহ বলেন, রাহুল এখন দেশের বাইরে কোথাও রয়েছেন, তাই তাঁর কথা কানে যাবে না। কিন্তু ফিরে এসে তিনি যেন শুনে রাখেন। বিদেশ সফরের ব্যাখ্যা রাহুল কখনও দেন না, সেটা তাঁর ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রসঙ্গে সম্প্রতি বিজেপির প্রকাশ করা একটি বিমানের ভিডিয়োর উল্লেখ করা হয়, যেখানে দাবি করা হয়েছিল রাহুল চারদিনের জন্য ভিয়েতনাম যাচ্ছেন।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বিরোধীদের অবস্থানকেও নিশানা করেন শাহ। তাঁর অভিযোগ, কংগ্রেস অনুপ্রবেশকারীদের ভোট বাঁচিয়ে রাখতে চায় বলেই এসআইআর-এর বিরোধিতা করছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা এবং এসআইআর প্রত্যাহারের দাবিতে ইন্ডিয়া জোট যে আন্দোলনে নেমেছে, ১৩ অক্টোবর দিল্লিতে রাহুলের নেতৃত্বে যে মিছিল হয়েছে, তার প্রেক্ষিতেই এই মন্তব্য।
শাহের আরও বক্তব্য, বিজেপির জয় বিরোধীরা মেনে নিতে পারছে না বলেই নানা অজুহাত খুঁজছে। তিনি দাবি করেন, বহু রাজ্যে কংগ্রেসের ক্ষয় মোদী সরকারের আগেই শুরু হয়েছিল। নিজেকে তুলে ধরে শাহ বলেন, তিনি দেশেই জন্মেছেন, দেশেই থাকেন এবং এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। তাঁকে ছ’মাস পরপর বিদেশ যেতে হয় না, তিনি দেশের মানুষের মধ্যেই থাকেন।
বিরোধীদের রাস্তায় নেমে আন্দোলনের কৌশল নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, মানুষের রায়কে শুধু বিক্ষোভ বা অবস্থান দিয়ে বদলে দেওয়া যায় না। এদিন রাহুলের পাশাপাশি আম আদমি পার্টিরও সমালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।