ওঙ্কার ডেস্ক: চলতি বছরের প্রথম ছয় মাসে ৫৯ জন বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকায় বাংলাদেশ, ইথিওপিয়া, পাকিস্তান, সুদান, ইয়েমেন, সিরিয়া, জর্ডান, সোমালিয়া, মিসর, নাইজেরিয়া, বেনিন, ইরাক, কুয়েত, কেনিয়া, উগান্ডা ও আফগানিস্তানের নাগরিকেরা রয়েছেন।
মানবাধিকার সংস্থা ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) জানিয়েছে, কার্যকর হওয়া মৃত্যুদণ্ডগুলোর পেছনে রয়েছে বিভিন্ন অপরাধের অভিযোগ। মাদক, হত্যাকাণ্ড, নিরাপত্তাসংক্রান্ত মামলা রয়েছে বেশিরভাগ মৃত্যুদণ্ডের নেপথ্যে। এই মৃত্যুদণ্ড কার্যকর করার আগে বেশিরভাগ ক্ষেত্রে কোনও মানবাধিকার সংস্থা এ বিষয়ে কিছুই জানতে পারেনি। মাদকসংশ্লিষ্ট অপরাধে ৪৯টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিদেশি নাগরিকের বিরুদ্ধে।
ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস আরও জানিয়েছে, সৌদি আরবের কারাগারগুলোয় এখনও বিপুলসংখ্যক মানুষ মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে আছেন। তাঁদের মধ্যে খামিস মুশাইত কারাগারে ৫৮ জন ইথিওপীয়, নাজরান কারাগারে আরও পাঁচ ইথিওপীয় ও পাঁচ সোমালীয় এবং তাবুক কারাগারে আটজন মিসরীয় রয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি এক বাংলাদেশি যুগলকে শিরশ্ছেদ করে হত্যা করে সৌদি আরব। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ধর্মীয় স্থাপনা চত্বরে অনৈতিক কাজ করেছে। যদিও ঠিক কী ধরণের অনৈতিক কাজ করেছেন ওই যুগল তা খোলসা করেনি সৌদি কর্তৃপক্ষ। শুধু তাই নয় তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে আগাম বাংলাদেশকে কোনও তথ্য জানানো হয়নি। সংবাদ মাধ্যম থেকে জানার পর ঢাকা কূটনৈতিক ভাবে গোটা বিষয়টি জানতে চেয়েছে রিয়াধের কাছে। এই ঘটনা গোটা বাংলাদেশে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে।