ওঙ্কার ডেস্ক: বেশ কয়েক দিন ধরে নিখোঁজ ছিল সাত বছর বয়সী শিশু। অবশেষে ড্রামের ভিতর থেকে উদ্ধার হল তার দেহ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্ত ওই নাবালিকার সঙ্গে হেঁটে যাচ্ছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অন্নমায়া জেলায়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
রিপোর্ট অনুসারে, তাঁত শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকের ওই শিশুকন্যাটি সোমবার নিখোঁজ হয়ে যায়। মেয়েকে খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ পেয়ে সার্কেল ইন্সপেক্টর মহম্মদ রফির নেতৃত্বে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীরা স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেই অনুসন্ধানে মেয়েটির মৃতদেহের সন্ধান পাওয়া যায়। ফুটেজে দেখা গিয়েছে, কুলবর্ধন নামে এক ব্যক্তি ওই শিশুর সঙ্গে হেঁটে যাচ্ছেন। সেই খুন করেছে বলে অভিযোগ।
যদিও এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। নিহত শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মদনপল্লের বিধায়ক নওয়াজ বাশা। তিনি নিশ্চিত করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ঘটনার বিষয়ে জানানো হয়েছে। নিহত শিশুর পরিবারের সঙ্গেও কথা বলেছেন ওই বিধায়ক। সরকার অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি চাইছে বলে জানান তিনি। তাঁর কথায়, ‘বিচার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, মানবিক দৃষ্টিকোণ থেকে হবে।’ ইতিমধ্যে সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
