ওঙ্কার ডেস্ক: অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে জটিলতা এখনও রয়েছে। অনেকেই টাকা না পাওয়ার অভিযোগ তুলছেন। এই নিয়ে বিভিন্ন জেলায় বিক্ষোভও চলছে। যোগ্য হওয়া সত্ত্বেও অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে শুক্রবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ধমানের সভা থেকে তিনি জানান, ভেরিফিকেশনে যাঁদের নাম অনুমোদিত হয়েছে, তাঁদের বাকি টাকা পুজোর আগেই দেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর দেওয়া হিসেব অনুযায়ী, বর্ধমান জেলায় অন্নপূর্ণা যোজনায় ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের কাছ থেকে মোট ১২ লক্ষ ৩৮ হাজার ৭৮১টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে প্রাথমিক ভাবে ১১ লক্ষ ৫৬ হাজার ৩৩২টি আবেদন অনুমোদিত হয়েছে। কয়েকটি আবেদন এখনও প্রক্রিয়াধীন। অন্যদিকে, ১৭ হাজার ৪৫টি আবেদন খারিজ হয়েছে। ভেরিফিকেশন এখনও বাকি রয়েছে ১০ হাজার ৭১৪টি আবেদনের। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে জেলার ৯ লক্ষ ৫২ হাজার ৩৩১ জনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে গিয়েছে। তিনি বলেন, ভেরিফিকেশন শেষে যাঁদের আবেদন অনুমোদিত হয়েছে, তাঁদেরও পুজোর আগে টাকা পাঠানো হবে।
বর্ধমানের ১৫টি বিধানসভা এলাকার হিসেবও তুলে ধরেন শুভেন্দু। তাঁর দাবি, গড়ে প্রতিটি বিধানসভায় প্রায় ৬৫ থেকে ৭০ হাজার মহিলা এই সুবিধা পেয়েছেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, যাঁরা এখনও যোগ্য রয়েছেন, তাঁদেরও এই প্রকল্পের আওতায় টাকা দেওয়া হবে। তাঁর দাবি, আগের সরকার ৫০০ টাকা দিত। সেই প্রকল্প চালু করতেই নয় মাস সময় লেগেছিল। শুভেন্দুর বক্তব্য, বর্তমান সরকারের পাঁচ মাসও পূর্ণ হয়নি। এর মধ্যেই ১ কোটি ৫৮ লক্ষ মহিলাকে টাকা দেওয়া হয়েছে। বর্ধমান জেলার ৯ লক্ষ ৫২ হাজার ৩৩১ জন মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পৌঁছেছে বলেও জানান তিনি। বাকি যোগ্য মহিলারা আগামী মাসে টাকা পাবেন বলে আশ্বাস দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।