ওঙ্কার ডেস্ক: অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ হওয়ায় এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে সাময়িক ভাবে বরখাস্ত করল উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া। জ়ুরিখ থেকে দিল্লিগামী উড়ানের ওই পাইলটকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাটি। গত ৬ সেপ্টেম্বর জ়ুরিখ বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে উড়ান শুরুর আগেই ওই পাইলটকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।
বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের প্রথমে নজরে আসে বিষয়টি। তাঁদের অভিযোগ, পাইলটের শরীর থেকে অ্যালকোহলের গন্ধ পাওয়া যাচ্ছিল। সঙ্গে সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। উড়ান ছাড়ার ঠিক আগে পাইলটকে বিমান থেকে সরিয়ে নেওয়া হয়। তাঁর ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা করা হয়। পাশাপাশি করা হয় সোব্রিয়েটি পরীক্ষাও। পরীক্ষার ফলাফলে তাঁর শরীরে নির্ধারিত সীমার তুলনায় বেশি অ্যালকোহল পাওয়া যায়। এরপর সুইজারল্যান্ডের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা নিয়ম অনুযায়ী পাইলটের বিরুদ্ধে পদক্ষেপ করে।
ঘটনার কথা জানানো হয় ভারতের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-কেও। পরে ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার নির্দেশ দেয়। বিমান-বিধি মেনে চলার ক্ষেত্রেও আরও কড়া পদক্ষেপের কথা বলা হয়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার বিষয়ে কোনও আপস করা হবে না। বিমান চলাচলের নিয়ম ভঙ্গের ক্ষেত্রেও সংস্থার নীতি একই থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।