ওঙ্কার ডেস্ক: সেপ্টেম্বরের শেষ সপ্তাহে টানা তিন দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মী ও অফিসারদের সংগঠনগুলি। আগামী ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে এই ধর্মঘট হওয়ার কথা। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখাভিত্তিক পরিষেবায় বড়সড় প্রভাব পড়তে চলেছে। ধর্মঘট হলে শাখায় সরাসরি গিয়ে করা একাধিক পরিষেবা বন্ধ বা ব্যাহত হতে পারে। এর মধ্যে রয়েছে কাউন্টার থেকে নগদ টাকা জমা ও তোলা।
সূত্রের খবর, চেক জমা দেওয়া এবং ক্লিয়ারিংয়ের কাজও প্রভাবিত হতে পারে। ডিমান্ড ড্রাফট ও পে-অর্ডার তৈরির পরিষেবাতেও সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া নতুন অ্যাকাউন্ট খোলা বা পুরনো অ্যাকাউন্ট বন্ধ করার কাজ আটকে যেতে পারে। কেওয়াইসি সংক্রান্ত পরিষেবাতেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। যারা পাসবুক আপডেটের জন্য শাখায় যাবেন, তাঁরাও নিরাশ হতে পারেন। ঋণের প্রয়োজনীয় নথি জমা দেওয়া এবং অনুমোদনের প্রক্রিয়াতেও সমস্যা দেখা দিতে পারে।
বড় অঙ্কের নগদ লেনদেনও বাধার মুখে পড়তে পারে। শাখানির্ভর সরকারি লেনদেনের উপরও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ট্রেজারি এবং বাজার সংক্রান্ত কিছু কাজ ব্যাহত হতে পারে। ফলে ধর্মঘটের তিন দিনের আগে গ্রাহকদের শাখাভিত্তিক প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার সুযোগ তৈরি করতেই ২৭ সেপ্টেম্বর রবিবার রাষ্ট্রায়ত্ত ও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।