নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: সত্য নিকেতনের পর ফের দিল্লিতে বাড়ি ভেঙে মৃত্যু। উত্তর-পূর্ব দিল্লির হর্ষ বিহার থানা এলাকার মিলন গার্ডেনে রবিবার সন্ধ্যায় একটি বাড়ির দুটি স্ল্যাব ভেঙে পড়ে মৃত্যু হয় দু’জনের। জানা গিয়েছে, মৃতরা সম্পর্কে বাবা ও ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম চন্দরপাল (৬০) এবং বিজয় কুমার (৩৩)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, বাড়িটি মনোজ কুমার নামে এক ব্যক্তির। নিচতলায় একটি গোডাউন ছিল এবং তার উপরে দোতলায় অতিরিক্ত নির্মাণ করা হচ্ছিল। এরপর রবিবার সন্ধ্যায় নির্মাণ চলাকালীনই আচমকা ওপরের স্ল্যাব সহ নিচের অংশ একসঙ্গে ধসে পড়ে। দিল্লি দমকল বিভাগ জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে বাড়ি ভেঙে পড়ার খবর পান তাঁরা। খবর পাওয়া মাত্রই পাঁচটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। খবর পেয়ে উদ্ধারকাজে নামে এনডিআরএফ, দিল্লি পুলিশ, সিভিল ডিফেন্স ও স্থানীয় বাসিন্দারা।
ঘটনায় ডিভিশনাল ফায়ার অফিসার রবীন্দ্র সিং জানিয়েছেন, প্রায় ১৪ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চলে। আপাতত অভিযান শেষ হলেও সতর্কতামূলকভাবে দল মোতায়েন রয়েছে। পাশাপাশি অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা জানিয়েছেন, বাড়িটি পুরনো একতলা ছিল, তার ওপরে নতুন তলা তৈরির কাজ চলছিল। এলাকাটি এতটাই ঘিঞ্জি যে কোন বাড়িটি ভেঙেছে তা চিহ্নিত করাই কঠিন হয়ে পড়ে।
উল্লেখ্য, সম্প্রতি কিছু মাস আগেই দক্ষিণ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতনে একটি পিজি বাড়ি ভেঙে ৭ জনের মৃত্যু হয়েছিল। বেসমেন্ট-সহ পাঁচতলা ওই বাড়িতে মেরামতির কাজ চলার সময় ধস নামে। এমতাবস্থায় এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হল। পরপর এই ধরনের ঘটনায় দিল্লিতে বেআইনি নির্মাণ ও পুরনো বাড়িতে অতিরিক্ত নির্মাণ নিয়ে প্রশ্ন উঠছে।