ওঙ্কার ডেস্কঃ অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন সিউড়ি জেলা আদালতে খারিজ হয়ে গিয়েছে। এবার ভোট পরবর্তী হিংসা মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের একসময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত। সূত্রের খবর, খুব শীঘ্রই এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে কলকাতা হাই কোর্টে।
ভোট পরবর্তী হিংসায় নাম জড়ায় অনুব্রত মণ্ডলের। পালাবদলের পর থেকে একের পর এক গ্রেফতার হচ্ছেন নেতা মন্ত্রীরা। অনুব্রত-সহ ১৩ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ জানান শুভেন্দুবিকাশ মণ্ডল নামে এক ব্যবসায়ী। তিনি অভিযোগে জানান, ২০২১ সালে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর বোমা-বন্দুক দেখিয়ে ইটভাটা থেকে প্রায় ৩০ লক্ষ টাকা ইট লুঠ করা হয়। তৎকালীন বীরভূমের তৃণমূল সভাপতি কেষ্ট’র নির্দেশেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী।
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা। এরপরেই বীরভূমের সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান অনুব্রত। যদিও সেই আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। তারপর বুধবার আগাম জামিন চেয়ে হাই কোর্টে আবেদন জানালেন তিনি।