ওঙ্কার ডেস্ক: দিল্লিতে সদ্য শেষ হয়েছে ১৮তম ব্রিকস সম্মেলন। সেই সম্মেলনের রেশ এখনও কাটেনি।আন্তর্জাতিক রাজনীতির পাশাপাশি আলোচনায় উঠে এসেছে ভারতীয় সিনেমার গান। ব্রিকস সম্মেলনের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পোস্ট। কারণ ভারত সফরের বিভিন্ন মুহূর্ত তিনি ইনস্টাগ্রামে তুলে ধরেছেন। আর প্রতিটি ছবির সঙ্গে বেছে নিয়েছেন পরিচিত বলিউডের গান। গান বাছাইয়ের ক্ষেত্রে তিনি নজর কেড়েছেন নেটিজেনদের।
ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের একটি ভিডিয়ো পোস্ট করেছেন আনোয়ার। সেই ভিডিয়োর আবহে ব্যবহার করেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির জনপ্রিয় গান ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’। শাহরুখ খান ও কাজল অভিনীত ছবির এই গান ভারতীয় দর্শকের কাছে অত্যন্ত পরিচিত।মোদীর সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেখানে বেছে নেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং করিশ্মা কাপুর অভিনীত ‘দিল তো পাগল হ্যায়’ ছবির গান।
ব্রিকস সম্মেলনে বক্তব্য রাখার ছবিতেও ছিল বলিউডের ছোঁয়া। সেই পোস্টের জন্য আনোয়ার বেছে নেন ২০০০ সালের ছবি ‘হর দিল জো প্যার করেগা’-র গান। ছবিতে অভিনয় করেছিলেন সলমন খান, রানি মুখোপাধ্যায় এবং প্রীতি জিন্টা। ভারত সফর শেষে দেশে ফেরার মুহূর্তের ভিডিয়োতেও ভারতীয় সিনেমার গান রেখেছেন তিনি। ‘লক্ষ্য’ ছবির ‘কাঁধোঁ সে মিলতে হ্যায় কাঁধে’ গান ব্যবহার করেছেন তিনি। এটির মূল বার্তা ঐক্য ও একসঙ্গে এগিয়ে চলা।
শুধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেই নয়, ভারত সফরে এসে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও দেখা করেন আনোয়ার ইব্রাহিম। বিরোধী নেতাদের সঙ্গে খাওয়াদাওয়ার কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তিনি। সেই পোস্টের জন্য বেছে নিয়েছেন শাহরুখ খান ও প্রীতি জিন্টা অভিনীত ‘বীর-জারা’ ছবির গান ‘এ দেশ হ্যায় মেরা’।