ওঙ্কার ডেস্ক:বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাত্র দু’দিন পরেই খুন হয়েছিলেন চন্দ্রনাথ রথ। মধ্যমগ্রামে বাড়ি ফেরার পথে গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছিলেন তিনি। চন্দ্রনাথ ছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ আপ্তসহায়ক। সেই হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এবার এই ঘটনা নিয়ে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, চন্দ্রনাথ হত্যার পিছনে রয়েছে ‘ভাইপো গ্যাং’। তাঁর দাবি, শুটারদের ২ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছিল।
মঙ্গলবার চন্দ্রনাথ হত্যাকাণ্ড প্রসঙ্গে শুভেন্দু বলেন, তিনি বেশ কিছু কল রেকর্ডিং শুনেছেন। সেগুলিতে ঘটনার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠদের যোগ থাকার ইঙ্গিত মিলেছে। তবে মামলা এখনও বিচারাধীন। তাই প্রকাশ্যে আর বিস্তারিত কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী। তিনি জানান, ডায়মন্ড হারবারের বেশ কয়েকজনের কল রেকর্ডিং তাঁর হাতে এসেছে। সেই রেকর্ডিংয়েই নাকি হত্যার পরিকল্পনা সংক্রান্ত তথ্য রয়েছে।
উল্লেখ্য ঘটনাটি ঘটেছিল নির্বাচনের ফল ঘোষণার পরপরই। গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। রাজ্যে তৃণমূলকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসে। তার দু’দিন পরেই মধ্যমগ্রামে খুন হন চন্দ্রনাথ। বাড়ি ফেরার সময় তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল। হামলায় ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনায় স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এই হত্যাকাণ্ডে তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। এখনও পর্যন্ত এই মামলায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।