তাপস ঘোষ, সামশেরগঞ্জ : পুলিশের চোখে ধুলে দিতে অটোর যাত্রী সেজে অস্ত্র পাচারের উদ্দেশ্যে বেরিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ দুজনকে ১২ নম্বর জাতীয় সড়কের উপর তারানগর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে দুজনের কাছ থেকে দশটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও দশ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিশ্বজিৎ মন্ডল এবং অক্ষয় মন্ডল। দু’জনেরই বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, মালদার দিক থেকে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে এসে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে হাত বদলের পরিকল্পনা ছিল। তার আগেই দুজন পুলিশের জালে ধরা পড়ে। ধৃতদের আগামীকাল জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে। চক্রের সঙ্গে আর কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ।
আগামী ৬ অক্টোবর মুর্শিদাবাদের রেজিনগরে উপ নির্বাচন রয়েছে। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকে রাজনৈতিক উত্তেজনায় কার্যত টগবগ করছে রেজিনগর। দিন কয়েক আগেই বিধানসভা সংলগ্ন এলাকায় মজুত বোমা ফেটে বড় ধরণের বিস্ফোরণ ঘটে চাঞ্চল্য ছড়ায়। বেলডাঙা, রেজিনগরে যেকোন নির্বাচন মানেই রাজনৈতিক পারদ তরতর উঠতে থাকে। অতীতের ইতিহাস থেকে জানা গিয়েছে, নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও পরে এখানে রক্তপাত নিশ্চিতভাবে হয়ে থাকে। এবার উপ নির্বাচনে পুলিশ আঁটোসাটো হয়েই মাঠে নেমেছে। জেলায় প্রায় ১৩ কোম্পানি কেন্দ্র বাহিনী রয়েছে। তাদেরও নির্বাচনের কাজে ব্যবহার করা হচ্ছে।
পুলিশের কড়া নিরাপত্তা সত্ত্বেও ঝাড়খন্ড ও মালদা সীমান্ত দিয়ে অবাধে রেল, সড়ক ও নদীপথে মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র ঢুকছে। জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস সাংবাদিক বৈঠক করে বলেন, বেশ কিছুদিন থেকেই আগ্নেয়াস্ত্র পাচারের একটি চক্র অতি সক্রিয় হয়ে উঠেছে। ধৃতদের দুজনের বিরুদ্ধেও একাধিক থানার অস্ত্র আইনে অভিযোগ রয়েছে। এই চক্র মূলত ঝাড়খন্ড, মালদা থেকে অস্ত্র আমদানি করে জঙ্গিপুর পুলিযস জেলায় ছড়িয়ে দেয়। আমরা ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে এই চক্রের মূল চক্রীদের কাছে পৌঁছতে চাই।