ওঙ্কার ডেস্ক: শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করার কথা শনিবার বিকেলে। তার আগের রাতেই রিষড়া থেকে গ্রেফতার করা হল এক তৃণমূল নেত্রীকে। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে টুম্পা মেটেকে গ্রেফতার করেছে ডানকুনি থানার পুলিশ। শুক্রবার রাতে বামুনারি এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুম্পা হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য। স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য চাকরিপ্রাপকদের তালিকাতেও তাঁর নাম ছিল বলে অভিযোগ। টুম্পার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ আগে থেকেই ছিল। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। গ্রেফতারের সময় তাঁকে অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে টুম্পার জবাব, ‘‘সব মিথ্যা।’’ তাঁর দাবি, গ্রেফতারির পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে। চক্রান্তের অভিযোগও তুলেছেন তিনি। টুম্পার কথায়, ‘‘সারা বাংলায় যা হচ্ছে, আমার ক্ষেত্রেও তা-ই হয়েছে।’’ শনিবার তাঁকে শ্রীরামপুর আদালতে হাজির করার কথা পুলিশের।
টুম্পার বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি নিজে সাদা খাতা জমা দিয়েই চাকরি পেয়েছিলেন। ২০১৬ সালের এসএসসি প্যানেল দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট বাতিল করেছিল। সেই প্যানেলে টুম্পার নাম ছিল বলে দাবি করা হয়েছে। তিনি স্কুলে অশিক্ষক কর্মী হিসেবে কাজ করতেন বলেও উল্লেখ করা হয়েছে।