অরুপ পোদ্দার, শিলিগুড়ি : রবিবার বিশ্ব পর্যটন দিবস। তার আগে শনিবারই শিলিগুড়িতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করল রাজ্য পর্যটন দফতর। এদিন শিলিগুড়ির কলেজ মাঠ থেকে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়াদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি, দার্জিলিং জেলার জেলাশাসক, শিলিগুড়ি মহকুমা শাসক-সহ অন্যান্য আধিকারিকরা। কলেজ মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে। এই অনুষ্ঠান মঞ্চ থেকে তিস্তায় ভেসে যাওয়া হাতির শাবককে উদ্ধার করা মৎস্যজীবীদের সম্মানিত করলেন রাজ্যের মন্ত্রী শংকর ঘোষ এবং বিশিষ্টজনেরা।
পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, আগের সরকার পশ্চিমবঙ্গের পর্যটনের বিপুল সম্ভাবনার কথা বললেও সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারেনি। বরাদ্দ টাকার ২০ শতাংশও খরচ করা হয়নি এবং যে অর্থ খরচ হয়েছে, তার মধ্যেও দুর্নীতির অভিযোগ রয়েছে। বর্তমান সরকার রাজ্যের পর্যটন পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি জেলায় অন্তত একটি করে পর্যটন গন্তব্যকে বিশেষভাবে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

পাশাপাশি রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রকে একে অপরের সঙ্গে যুক্ত করে একাধিক পর্যটন সার্কিট তৈরি করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। দার্জিলিং পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের প্রসার ঘটানোর পাশাপাশি নতুন করে ট্রেকিং রুট ও ট্রেকিং সংক্রান্ত পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।