জয়ন্ত সাহা, আসানসোল : পুরবোর্ড বাতিল করে প্রশাসক বসানোর এক মাস পরেও আসানসোল পুরনিগমে নাগরিক পরিষেবা নিয়ে ক্ষোভ বাড়ছে। অভিযোগ, প্রশাসনিক রদবদল ও পুরকমিশনার পরিবর্তনের জেরে জন্ম-মৃত্যু শংসাপত্র, বিভিন্ন নাগরিক শংসাপত্র এবং সমব্যথী প্রকল্পের অনুদান পেতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।
শিশুদের জন্ম শংসাপত্র ও আধার লিঙ্কের কাজ থেকে শুরু করে মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট পেতেও বহু মানুষকে বারবার পুরনিগমে আসতে হচ্ছে। কাউন্সিলর না থাকায় প্রয়োজনীয় সই না মেলার অভিযোগও উঠেছে। একইভাবে সমব্যথী প্রকল্পের ২ হাজার টাকার অনুদানও অনেকের হাতে পৌঁছয়নি বলে দাবি।
অন্যদিকে, বিধানসভা নির্বাচনের আগের কাজের বকেয়া বিল এবং টেন্ডারের ইএমডি না পাওয়ার অভিযোগ করেছেন ঠিকাদাররাও।
যদিও সমস্ত অভিযোগ খারিজ করে পুরকমিশনার দিলীপ মিশ্র জানান, জন্ম ও মৃত্যুর শংসাপত্রের পোর্টাল রাজ্যস্তর থেকে আপাতত বন্ধ রয়েছে। জরুরি ক্ষেত্রে অফলাইনে পরিষেবা দেওয়া হচ্ছে। সমব্যথী প্রকল্পের জন্য রাজ্যের ফান্ডের অপেক্ষা চলছে বলেও জানান তিনি। পাশাপাশি প্রতিদিন মানুষের অভিযোগ শুনে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে দাবি তাঁর।তবে নাগরিকদের অভিযোগ, স্থায়ী প্রশাসনিক ও রাজনৈতিক সমাধান না হলে পুরনিগমের এই অচলাবস্থা কাটবে না।