ওঙ্কার ডেস্ক: রবিতে ভিজতে চলেছে রাজ্যের একাধিক জেলা। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা।
রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়ো হাওয়া।
এদিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। দিনের বিভিন্ন সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতার একাধিক এলাকায়। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের তুলনায় বেশি থাকার পূর্বাভাস। উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।