ওঙ্কার ডেস্কঃ ভোটের উত্তাপ বাড়ছে। ভোট যত এগিয়ে আসছে, রাজ্য জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। সেই আবহেই শুক্রবার সকালে নিউটাউনের সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ ক্যাব থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার হল। এই ঘটনায় গুজরাটের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, ধৃতের নাম সুরজ ঠাকুর। গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকো পার্ক থানার পুলিশ শুক্রবার সকালে নিউটাউন সিটি সেন্টারের কাছে সন্দেহজনক একাধিক গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে একটি অ্যাপ ক্যাবের ডিকি খুলতেই পাওয়া যায় বিপুল পরিমাণ টাকা। পুলিশ সূত্রে খবর, ওই গাড়ি থেকে প্রায় ২৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। কলকাতার বড়বাজার এলাকা থেকে অ্যাপ ক্যাবে করে নিউটাউনে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় গুজরাটের বাসিন্দা সুরজকে গ্রেফতার করা হয়।
ভোটের আগে এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, কোথায়, কাকে দেওয়ার কথা ছিল, সেসব খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে এরকম অভিযান আরও হবে। ঘটনার তদন্ত শুরু করেছে ইকো পার্ক থানা ও বিধাননগর গোয়েন্দা পুলিশ।
