ওঙ্কার ডেস্ক: স্বাধীনতা দিবস থেকে দেশজুড়ে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি শুরু করেছে সিজেপি। গ্রামীণ সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নই এই প্রচারের মূল লক্ষ্য বলে দাবি। এই কর্মসূচির অংশ হিসাবেই বৃহস্পতিবার মহারাষ্ট্রের লাতুর জেলার একটি জেলা পরিষদ স্কুলে যান সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। তাঁর অভিযোগ, স্কুলে ঢুকতে তাঁদের বাধা দেওয়া হয়।
অন্যদিকে, রাজস্থানের জয়পুরের কাছে রামপুরা-কানওয়ারপুরা গ্রামে শুক্রবার যায় সিজেপির একটি দল। দলের নেতৃত্বে ছিলেন যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা। রাঙ্কার অভিযোগ, গ্রামে ঢোকার পর তাঁদের উপর হামলা হয়। মারধরের জেরে প্রতিনিধিদলকে ফিরে আসতে হয়। হামলার কিছু ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করা হয়েছে। রাঙ্কার দাবি, হামলাকারীরা স্থানীয় বিজেপি নেতা-কর্মী। তাঁর আরও অভিযোগ, হামলার সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে দাবি সিজেপির।
দীপকের আরও দাবি, স্কুল চত্বর থেকে মদের বোতল পাওয়া গিয়েছে। তাঁর অভিযোগ, তাঁদের পরিদর্শনের খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ বাইরে থেকে নকল পড়ুয়া এনে ক্লাসে বসিয়েছিল। স্কুলের শৌচাগার এবং মিড-ডে মিলের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুসের পদত্যাগও দাবি করেন সিজেপি প্রধান। তবে স্কুল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, একই ভবনে মারাঠি ও উর্দু মাধ্যমের দুটি স্কুল চলে। তাই বাইরে থেকে পড়ুয়া এনে বসানোর দাবি সঠিক নয়।