ওঙ্কার ডেস্ক: গ্রামের মানুষের পাকা বাড়ির স্বপ্ন পূরণে বড় পদক্ষেপ রাজ্যের। পুজো মিটলেই প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে। প্রথম পর্যায়ে প্রায় ৩০ লক্ষ পরিবার এই সুবিধা পেতে চলেছে। প্রশাসন সূত্রে খবর, প্রত্যেক উপভোক্তাকে প্রথম দফায় ৬০ হাজার টাকা করে দেওয়া হবে। চলতি অর্থবর্ষেই ৩০ লক্ষ উপভোক্তার হাতে বাড়ি তৈরির টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রশাসনের হাতে এখনও পর্যন্ত ৫৪.৫৯ লক্ষ গ্রামীণ আবাস উপভোক্তার নাম এসেছে। প্রথমে ১৫ আগস্ট পর্যন্ত আবেদন নেওয়ার কথা ছিল। পরে সেই সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়। প্রাথমিক পর্যায়ের বাছাইয়ে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হয়েছে। সেই সমীক্ষায় প্রায় ৪৪.৫ লক্ষ নাম পাওয়া গিয়েছে। অনলাইনে আবেদন করেছেন আরও অন্তত ১০ লক্ষ মানুষ। এরপরও যাচাই প্রক্রিয়া চলছে। বিডিও অফিসের মাধ্যমে ১০ শতাংশ ক্ষেত্রে ফের বাছাই করা হচ্ছে। কোনও নাম ভুলভাবে তালিকায় ঢুকেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের এক আধিকারিকের দাবি, এত সূক্ষ্মভাবে যাচাইয়ের কাজ আগে খুব একটা দেখা যায়নি। কারণ অযোগ্য ব্যক্তির নাম তালিকায় ঢুকে পড়লে তার দায় বিডিওদের উপরও পড়তে পারে।
তাই প্রতিটি বিডিওকে অন্তত ৫ শতাংশ আবেদন পুনরায় যাচাই করতে বলা হয়েছে। জেলা স্তরেও আরও ২ থেকে ৩ শতাংশ আবেদন ফের পরীক্ষা করা হবে। লক্ষ্য একটাই—অযোগ্য বা ভুয়ো নাম যেন কোনওভাবেই তালিকায় না থাকে। আবাস যোজনার তালিকা তৈরিতে স্বচ্ছতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনও ধরনের স্বজনপোষণ বা দুর্নীতির অভিযোগ যাতে না ওঠে, সে বিষয়েও নজর রাখা হচ্ছে। পঞ্চায়েত দফতর সূত্রে খবর, এই প্রক্রিয়া নিয়ে জেলার বিভিন্ন জায়গায় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। দ্বিতীয় দফার কাজও ইতিমধ্যে শুরু হয়েছে।