ওঙ্কার ডেস্ক : পাঁচ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে রাম মন্দির ট্রাস্টের প্রথম মুখ্য কর্মকর্তা হিসেবে নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। কর্মরত অবস্থায় জিতেন্দ্র মিশ্র ভারতীয় বায়ুসেনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ‘অপারেশন সিন্দুর’-এ বায়ুসেনার ওয়েস্টার্ন কমান্ডের প্রধান ছিলেন তিনি। মন্দির পরিচালনা ও আর্থিক স্বচ্ছতা সুদৃঢ় করতে তাঁকেই বেছে নিল রাম মন্দির ট্রাস্ট। চলতি বছরের শুরুর দিকে অনুদানের অর্থ চুরি বিতর্কে রাম মন্দির ট্রাস্টের ভূমিকা জোরালো প্রশ্নের মুখে পড়েছিল।
অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র ১৯৮৬ সালের ডিসেম্বরে ভারতীয় বায়ুসেনায় ফাইটার পাইলট হিসেবে যোগ দিয়েছিলেন। ৩৮ বছরেরও বেশি সময় তিনি ভারতীয় বায়ুসেনায় নানান গুরু দায়িত্বপালন করেছেন। ২০২৬-এর মে মাসে তিনি অবসর নেন। পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমি, বেঙ্গালুরুর এয়ার ফোর্স টেস্ট পাইলটস স্কুল, যুক্তরাষ্ট্রের এয়ার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজ-এর প্রাক্তন ছাত্র তিনি।
অযোধ্যায় প্রণামীর বিশাল অর্থ চুরির ঘটনার পর নড়েচড়ে বসে রাম মন্দির ট্রাস্ট। মন্দির পরিচালনার ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে নতুন কমিটি গঠনের কথা ভাবে ট্রাস্ট। অবশেষে যোগ্য ব্যক্তি হিসেবে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রকে মেছে নেয় রামন্দির ট্রাস্ট। ট্রাস্টে তিনজন নতুন সদস্যকেও যুক্ত করা হয়। তাঁরা হলেন—অযোধ্যার মদন মোহন পাণ্ডে, দিল্লির মহেশ ভাগচান্দকা এবং শিখোহাবাদের নির্মলা যাদব। ট্রাস্টের সিইও পদের জন্য জমা পড়ে ৫,৫৮৫টি আবেদন। নিয়োগ প্রক্রিয়ার জন্য গঠিত অনুসন্ধান কমিটির নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি; কমিটির অন্য সদস্যদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদী এবং প্রাক্তন বিজ্ঞানী সুরেশ হাওয়ারে। আবেদনকারীদের ৬০০ নম্বরের একটি মূল্যায়নের ভিত্তিতে যাচাই করা হয়েছিল। অযোধ্যায় ১৬ জন প্রার্থীর চূড়ান্ত সাক্ষাৎকার শেষ হয় ১১ ও ১২ আগস্ট।
ট্রাস্টের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, “তিনজন অত্যন্ত যোগ্য পেশাদার”-এর নাম সুপারিশ করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক নেতৃত্ব, পরিচালনার ক্ষেত্রে দক্ষতা, সততা এবং দূরদর্শিতার মতো মাপকাঠির ভিত্তিতে তাঁদের মূল্যায়ন করা হয়েছে।
অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র তাঁর অসাধারণ নেতৃত্বের জন্য পরিচিত। তিনি ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ (অপারেশনস)-এর ডেপুটি চিফ, একটি ফাইটার স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার, এয়ারক্রাফট অ্যান্ড সিস্টেমস টেস্টিং এস্টাবলিশমেন্ট-এর চিফ টেস্ট পাইলট, দুটি সম্মুখসারির বিমান ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং, ডিরেক্টর (অপারেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাসেসমেন্ট গ্রুপ), প্রিন্সিপাল ডিরেক্টর, কমান্ড্যান্ট এবং ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ-এর ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশিষ্ট সেবার স্বীকৃতিস্বরূপ তিনি সর্বউত্তম যুদ্ধ সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং বিশিষ্ট সেবা পদকের মতো সামরিক সম্মানে পুরস্কৃত হয়েছেন।