নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: মেরেকেটে আর কয়েক সপ্তাহ। তারপরেই শুরু হবে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই সূত্রেই দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে ব্যস্ততা তুঙ্গে। কারণ এবার সেখানে দেবী আরাধনায় নজরকাড়া থিম সজ্জার কথা ভেবেছে ক্লাব কর্তৃপক্ষ। কোটি টাকা বাজেট রেখে তৈরী হচ্ছে অযোধ্যার রাম মন্দির।
গত কয়েক বছর ধরেই দুর্গাপুরের পুজোয় রাম মন্দির থিমের একটা ক্রেজ তৈরি হয়েছে। গত বছরও শহরের একাধিক মণ্ডপে রাম মন্দিরের আদলে সাজ দেখা গিয়েছিল, দর্শনার্থীদের ঢলও নেমেছিল চোখে পড়ার মত। সেই জনপ্রিয়তাকে মাথায় রেখেই এবার আরও বড়, আরও নিখুঁত আয়োজন করছে ক্ষুদিরাম মাঠের উদ্যোক্তারা।
মাঠে গেলেই চোখে পড়বে ব্যস্ততা। বাঁশ, কাঠ আর প্লাইউডের কাঠামোয় ধীরে ধীরে ফুটে উঠছে রাম মন্দিরের গম্বুজ, কারুকার্যময় স্তম্ভ, খিলান। শিল্পীরা দিনরাত এক করে কাজ করছেন। সেই মণ্ডপের ভেতরে থাকবে সাবেকি দুর্গা প্রতিমা, কিন্তু বাইরের আভা পুরোটাই অযোধ্যার আদলে। আলোর রোশনাই আর থিমের মিউজিকে পুজোর কটা দিন দুর্গাপুর যেন হয়ে উঠবে ছোট অযোধ্যা।
আর এই বিপুল আয়োজন যেন কোনভাবেই ভেস্তে না যায় তার জন্য আগে সতর্ক রয়েছে প্রশাসন। আজ, শুক্রবার দুপুরে মণ্ডপ পরিদর্শনে আসেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ডঃ প্রণব কুমার। সঙ্গে ছিলেন দুর্গাপুরের শীর্ষ পুলিশ আধিকারিকরা। পুরো মণ্ডপ চত্বর ঘুরে দেখেন তিনি। কোথা দিয়ে দর্শনার্থীরা ঢুকবেন, কোথা দিয়ে বেরোবেন, ভিড় নিয়ন্ত্রণ কীভাবে হবে, জরুরি পরিস্থিতির জন্য কী ব্যবস্থা থাকবে – সবকিছু খতিয়ে দেখা হয়।
পুলিশ সূত্রে খবর, পুজোর দিনগুলিতে যানজট এড়াতে বিশেষ ট্রাফিক প্ল্যান করা হচ্ছে। মণ্ডপের আশপাশে থাকবে বাড়তি পুলিশ, সিসিটিভি এবং ওয়াচ টাওয়ার।
ঢাকে কাঠি পড়তে এখনও কিছুদিন বাকি, কিন্তু ক্ষুদিরাম মাঠের এই রাম মন্দির থিম ইতিমধ্যেই দুর্গাপুরবাসীর মনে পুজোর আমেজ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এমতাবস্থায় উদ্যোক্তাদের আশা, এবার রেকর্ড ভিড় হবে। শুধু দুর্গাপুর নয়, আসানসোল, বাঁকুড়া, বীরভূম থেকেও মানুষ আসবেন এই মণ্ডপ দেখতে। সেই ভিড় সামাল দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।