ওঙ্কার ডেস্ক: স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত। রোগী হাসপাতালে এলে কোন প্রকল্পে চিকিৎসা হবে, তা নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশা এবার কাটাতে উদ্যোগী হল রাজ্য স্বাস্থ্য দফতর। শুক্রবার এই বিষয়ে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা SOP প্রকাশ করা হয়েছে।নতুন নিয়মে রোগী ভর্তির সময়ই তাঁর আধার তথ্য যাচাই করতে হবে। এর জন্য স্বাস্থ্যসাথীর ট্রানজাকশন ম্যানেজমেন্ট সিস্টেম বা TMS পোর্টাল ব্যবহার করবে হাসপাতাল।
যদি রোগীর আয়ুষ্মান ভারত কার্ড তৈরি থাকে, তাহলে প্রথমে সেই প্রকল্পের আওতায় চিকিৎসা শুরু হবে। আর আয়ুষ্মানের যোগ্য না হলে স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে। তবে আয়ুষ্মান কার্ড না থাকলেও রোগীকে ফিরিয়ে দেওয়া যাবে না। বিশেষ করে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট বা NFSA-র তালিকায় নাম থাকা রোগীদের ক্ষেত্রে এই নির্দেশ বিশেষ গুরুত্বপূর্ণ। অনেক রোগীর নাম NFSA তালিকায় রয়েছে। কিন্তু তাঁদের আয়ুষ্মান কার্ড এখনও তৈরি হয়নি। কারও ক্ষেত্রে আবার e-KYC প্রক্রিয়া শেষ হয়নি। এমন পরিস্থিতিতেও চিকিৎসা বন্ধ রাখা যাবে না। কার্ড তৈরি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রোগীকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। হাসপাতালকেই প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।
কোনও রোগীর e-KYC অসম্পূর্ণ থাকলে হাসপাতালকে NHA পোর্টালের মাধ্যমে তা সম্পূর্ণ করার উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রেও রোগীকে হয়রানির মুখে ফেলা যাবে না। আধার যাচাইয়ের সময় আয়ুষ্মান পোর্টালে প্রযুক্তিগত সমস্যা হলে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। হাসপাতালকে ‘ফেসিং ইস্যু’ অপশন বেছে নিতে হবে। সমস্যার বিস্তারিত জানিয়ে প্রয়োজনীয় স্ক্রিনশট আপলোড করতে হবে। এরপর ‘প্রসিড টু স্বাস্থ্যসাথী’ অপশন দেখা যাবে। সেটিতে ক্লিক করেই স্বাস্থ্যসাথীর আওতায় চিকিৎসা চালানো যাবে।