ওঙ্কার ডেস্কঃ সাতসকালে বাঘাযতীন রেল স্টেশনে আগুন। সোমবার সকাল প্রায় ৬টা ৩০ মিনিট নাগাদ ডাউন প্ল্যাটফর্মের একটি অস্থায়ী দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় প্ল্যাটফর্ম এলাকা। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
খবর পেয়ে দ্রুত রেল পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছন। দমকলের একাধিক ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ঘন ধোঁয়ার কারণে সাময়িক ভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বড় ধরনের ক্ষয়ক্ষতি বা দীর্ঘ সময় পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনা ঘটেনি।
রেল সূত্রে খবর, প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান দমকলের। দোকানগুলিতে থাকা দাহ্য সামগ্রীর জেরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান। কয়েকটি অস্থায়ী দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে হতাহতের কোনও খবর নেই।
এই ঘটনায় কয়েকটি লোকাল ট্রেন কিছু সময় দাঁড়িয়ে থাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ট্রেন চলাচল শুরু হয়। কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
