তাপস মহাপাত্র
শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবির মুখে ভারত কি তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেবে, নাকি বিষয়টি আরও দীর্ঘ কূটনৈতিক টানাপোড়েনে গড়াবে ?
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক ও রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে যে অবস্থান নিয়েছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর ২০২৬, বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। এমনকি ভারত থেকে তাঁকে বাংলাদেশ বিমানের বিশেষ ব্যবস্থায় ঢাকায় ফিরিয়ে আনার জন্যও তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন। কিন্তু তারেক রহমান সরকার জানিয়েছে, তাঁকে সাধারণ যাত্রীর মতো দেশে ফেরার সুযোগ দেওয়া হবে না। প্রত্যর্পণ চুক্তি ও বাংলাদেশের প্রচলিত আইনি প্রক্রিয়াই হবে তাঁর প্রত্যাবর্তনের পথ।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তারপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। গত ২৪ নভেম্বর তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানান, শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তাঁর বক্তব্য অনুযায়ী : এক, তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফেরার অধিকার দাবি করেছেন। দুই, ভারত থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশ বিমানের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। তিন, বাংলাদেশ হাইকমিশনের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়েও উদ্যোগ নিয়েছেন। চার, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে আইনি লড়াই চালানোর ইচ্ছা প্রকাশ করেছেন। হাসিনার পক্ষের বক্তব্য, ২০২৪ সালের ৫ আগস্ট তাঁকে বাংলাদেশি বিমানে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। সুতরাং দেশে ফেরার ব্যবস্থাও সরকারের করা উচিত।
এই বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের বক্তব্য কয়েকটি পর্যায়ে সামনে এসেছে। ৯ নভেম্বর বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ, তাঁর প্রত্যাবর্তনকে সরকার নিছক ব্যক্তিগত যাতায়াতের বিষয় হিসেবে দেখছে না। বরং একে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার বিষয় হিসেবে দেখছে বাংলাদেশ। এই প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন সম্পর্কেও তার সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে। সেইসঙ্গে সে দেশের বিদেশ দফতরের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য অনুযায়ী জানা গেছে, নতুন পাসপোর্ট নিয়ে সরাসরি বাংলাদেশে ফিরে আসার সুযোগ নেই শেখ হাসিনার। তিনি চাইলে ভারত সরকারের কাছে তাঁকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণের আবেদন করতে পারেন। অথবা আইনি প্রক্রিয়া মেনে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে পারেন।
যদিও শেখ হাসিনার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণার পর বাংলাদেশ সরকারের অবস্থান আরও কঠোরভাবে প্রকাশ্যে আসে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হয়েছেন। সেই মতো বাংলাদেশ ইতিমধ্যেই ভারতের কাছে তাঁর প্রত্যর্পণ চেয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার আগের অবস্থান থেকে সরে আসছে না। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে। এ বক্তব্যের অর্থ, সরকার তাঁর স্বেচ্ছায় ও স্বাভাবিকভাবে দেশে ফেরার প্রস্তাব গ্রহণ করছে না। ফলে দেখা যাচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলি। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের নভেম্বরে তাঁর অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেয়। এই মামলায় অভিযোগ ছিল, আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার সঙ্গে তিনি যুক্ত ছিলেন।
তবে শেখ হাসিনা এই রায় প্রত্যাখ্যান করেছেন। তাঁর বক্তব্য, বিচারপ্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং দেশে ফিরলে তিনি আইনি লড়াই করবেন। যদিও ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির বক্তব্য অনুযায়ী, রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় তাঁর আপিলের সুযোগ নিয়ে আইনি জটিলতা রয়েছে। বাংলাদেশে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের সাংবিধানিক সুযোগও রয়েছে। কিন্তু শেখ হাসিনা এখনও সেই আবেদন করেননি।
এই পুরো ঘটনায় ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন এবং তাঁকে বাংলাদেশে ফেরাতে হলে প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়ে ভারতের সহযোগিতা প্রয়োজন। যেখানে বাংলাদেশ ইতিমধ্যেই ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন জানিয়েছে বলে দাবি করেছে তারেক রহমান সরকার। ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের অনুরোধটি প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা হচ্ছে। তবে কবে বা কীভাবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
এখানে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির বিষয়টিও গুরুত্বপূর্ণ। এই চুক্তির অধীনে প্রত্যর্পণের অনুরোধ বিবেচনা করার ক্ষেত্রে নির্দিষ্ট আইনি শর্ত ও ব্যতিক্রম রয়েছে। ফলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি শুধু বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না। ভারতের আইনি ও কূটনৈতিক সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ।
এর মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন সামনে এসেছে। প্রথমত, শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন এমন সময়ে, যখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ফলে তাঁর প্রত্যাবর্তনের সঙ্গে দলের রাজনৈতিক ভবিষ্যতের প্রশ্নও জড়িয়ে রয়েছে। দ্বিতীয়ত, তারেক রহমান সরকার একদিকে প্রত্যর্পণ চুক্তির কথা বলছে, অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকরের আইনি অবস্থান বজায় রাখছে। তৃতীয়ত, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে কি না, তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে। চতুর্থত, শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণার পর বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও বিভিন্ন স্থানে অস্থিরতার খবর পাওয়া যাচ্ছে। সরকার ও আওয়ামী লীগপন্থীদের মধ্যে সংঘাতের আশঙ্কাও আলোচনায় রয়েছে। এখন পর্যন্ত পাওয়া সরকারি বক্তব্য ও সংবাদ থেকে তিনটি সম্ভাব্য পরিস্থিতি সামনে আসছে।
ভারত বাংলাদেশের অনুরোধ মেনে তাঁকে বাংলাদেশের হাতে তুলে দিতে পারে। সেক্ষেত্রে তাঁকে দেশে ফিরিয়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।
- শেখ হাসিনা ঘোষিত তারিখে ফিরতে চাইলে বাংলাদেশের সরকার তাঁকে গ্রেফতার করতে পারে। তবে তাঁর বর্তমান ভ্রমণ নথি ও প্রত্যর্পণ সংক্রান্ত জটিলতা রয়েছে।
- ভারত প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত না নিলে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত থেকে যেতে পারে।

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রশ্নটি এখন আর শুধু একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার বিষয় নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের বিচারব্যবস্থা, রাজনৈতিক দলগুলির ভবিষ্যৎ, ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক এবং ২০২৪ সালের আন্দোলনের বিচারপ্রক্রিয়া। তারেক রহমান সরকার আপাতত একটি বিষয়ে অনড়—শেখ হাসিনাকে সাধারণভাবে দেশে ফিরতে দেওয়া হবে না। তাঁকে প্রত্যর্পণ ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তবে ১৬ ডিসেম্বর তিনি সত্যিই বাংলাদেশে ফিরতে পারবেন কি না, তা নির্ভর করছে ভারতের সিদ্ধান্ত, প্রত্যর্পণ চুক্তির প্রয়োগ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ আইনি পরিস্থিতির ওপর।