অর্ণব দত্ত
প্লেগ, কলেরায় একসময়ে হাজার হাজার ভারতীয় নাগরিকের মৃত্যু হত। তখন ছিল ব্রিটিশ আমল। বাংলার কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য যক্ষ্মায় আক্রান্ত ছিলেন। এই রোগ ফুসফুসকে আক্রান্ত করে। দেহের অন্যত্রও হতে পারে। কারও যক্ষ্মা হয়েছে কিনা তা জানা যাবে যদি দুই সপ্তাহ কিংবা তার বেশি সময় ধরে কাশি হয় অনবরত। অথবা কাশির সঙ্গে মুখ থেকে রক্ত বের হয়। এছাড়া সন্ধ্যার দিকে জ্বর কিংবা অতিরিক্ত ঘাম হতে পারে। বুকে অবিরাম ব্যথা হলে, ওজন কমে গেলে কিংবা ক্ষুধামান্দ্য হলেও তাকে যক্ষ্মার উপসর্গ হিসেবে ধরা যেতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতাসীন হওয়ার পরে ভারতে যক্ষ্মাজনিত রোগে মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে ৩৮ শতাংশ। এজন্য প্রশংসা প্রাপ্য ‘টিবি মুক্ত ভারত অভিযান’ প্রকল্পের। তবে ভারতে ক্ষয়রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ২০১৫ সাল থেকে কমতে শুরু করলেও বিশ্বব্যাপী এই রোগীর সংখ্যা যদিও ক্রমবর্ধমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পেশ করা পরিসংখ্যান অনুসারে, এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ মিলিয়নের চেয়ে বেশি। একটি সর্বভারতীয় সংবাদ মাধামের পেশ করা তথ্য অনুসারে, ভারতের যে রাজ্যগুলিতে যক্ষ্মারোগীর সংখ্যা সবচেয়ে বেশি তার মধ্যে প্রথম স্থানাধিকারী রাজ্য উত্তরপ্রদেশ। এরপর তালিকায় দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারী রাজ্য হিসেবে নাম রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তুমুল অগ্রগতির ফলে যক্ষ্মা এখন পুরোপুরি নিরাময় হতেও পারে। ৬ মাস থেকে ৯ মাস ডাক্তারদের পরামর্শ মতো ওষুধপত্র খেলে রোগ সেরে যাবে। আর ফুসফুস এবং গলায় যক্ষ্মা হলে ডাক্তারবাবুদের পরামর্শ মতো অ্যান্টি বায়োটিক সেবন করা জরুরি।
বহুক্ষেত্রে অপুষ্টিজনিত কারণে যক্ষ্মা হয়। এক্ষেত্রে রোগাক্রান্তদের কেন্দ্র ডাইরেক্ট বেনিফিট ট্র্রান্সফার তথা ডিবিটি হিসেবে মাসিক ৫০০ টাকা করে সহযোগিতা করছে পুষ্টিকর খাদ্য খাওয়ার জন্যে। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভের আগে ফিবছর ২০ লক্ষাধিক ভারতীয় টিবিতে আক্রান্ত হতেন। স্বাধীনতা পূর্ববর্তী ইতিহাস অনুসারে, এই রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর অন্তত ৫ লাখ ভারতীয় নাগরিক মারা যেতেন। অসংখ্য ভারতীয় নাগরিক ব্রিটিশ আমলে একইভাবে মরতেন কলেরা এবং প্লেগে।
স্বাধীন হওয়ার পর দেশ ৮০ বছর পেরি গেছে। অথচ বহু ভারতীয় নাগরিক এখনও দুবেলা পেটপুরে খেতে পান না। এই অনাহার যক্ষা রোগের অন্যতম কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুসারে, সারা বিশ্বের মধ্যে ভারতে যক্ষ্মা আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। পরিসংখ্যান অনুসারে, ২৫ শতাংশ থেকে ২৭ শতাংশ। এরপর যে দেশগুলির স্থান তার ভিতর রয়েছে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চিন, পাকিস্তান, নাইজেরিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং বাংলাদেশ।
২০০০ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের সূত্রপাতের সময়ে বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা অমিতাভ বচ্চন মেরুদণ্ডের টিবিতে আক্রান্ত হন। পরে অবশ্য নিরাময় লাভ করেন চিকিৎসায়। সুস্থ হওয়ার পর অমিতাভ বচ্চন টিবি রোগ নিরাময়ে অ্যাম্বাসাডর হিসেবে কাজ করেছেন। আন্তর্জাতিক স্তরের ব্যক্তিত্বদের মধ্যে নেলসন ম্যান্ডেলা কারাগারে বন্দি থাকাকালীন ১৯৮৮ সালে টিবিতে আক্রান্ত হলেও পরে সেরে ওঠেন। চিকিৎসকদের মতে, অধিকাংশ ক্ষেত্রে যক্ষ্মা সেরে যায়। আক্রান্তদের মধ্যে সকলে সেরে উঠবেন এমন নয়। নিরাময়ে ১০০ শতাংশ নিশ্চয়তা এখনও নেই।
১৮৮২ সালের ২৪ মার্চ বিশিষ্ট চিকিৎসক রবার্ট কখ টিবির জীবাণু আবিষ্কার করেন। এই অবদানের জন্যে ১৯০৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি। এর শতবর্ষ পরে জার্মান অনুজীববিজ্ঞানী রবার্ট কখের ওই আবিষ্কারের শতবর্ষে্র সম্মানে ১৯৮২ সাল থেকে পালিত হচ্ছে ‘ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে।’ ইতিহাস ঘেঁটে জানা যায়, টিবি প্রথম ধরা পড়ে অন্তত ৩০ লক্ষ বছর আগে। ঘটনাস্থল পূর্ব আফ্রিকা। জেনেটিক স্টাডিজের গবেষকরা এই তথ্য উদ্ভাবন করেছেন। তবে প্রাচীন ভারতে এই রোগ সম্পর্কে উল্লেখ আছে্ অন্তত ৩ হাজার ৩০০ বছর আগে। ভারতের প্রতিবেশী দেশ চিনেও এসম্পর্কে উল্লেখ আছে ২ হাজার ৩০০ বছর আগে।