ওঙ্কার ডেস্ক: গত বছর আগস্ট মাসে মহম্মদ ইউনুস ক্ষমতায় বসার পর বাংলাদেশে নির্বাচন করানোর দাবিতে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই দলে রয়েছে বাংলাদেশের বিরোধী দল বিএনপি। এ বার বিএনপির তরফে জানানো হল, আগামী সাধারণ নির্বাচনে লড়বেন দলের নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বুধবার বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির এক সভায় দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘বর্তমানে দেশে যা পরিস্থিতি, তাতে আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে পারে। আমাদের নেত্রী খালেদা জিয়া সুস্থ আছেন। নির্বাচন হলে তিনি লড়বেন।’ উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। হাসিনা দেশ ছাড়ার পরে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। সেই সরকারের মাথায় বসানো হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে। এ ছাড়া বিভিন্ন দফতরের উপদেষ্টা পদে জামাত ঘনিষ্ঠ লোকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ বিএনপির। দেশে দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপি ছাড়াও একাধিক দল দাবি জানিয়ে আসছে।
গত শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের ১৪টি রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মহম্মদ ইউনুস। সেই বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনিই সাংবাদিকদের বলেন আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে খুব শিগগিরই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে বাংলাদেশে।
