ওঙ্কার ডেস্ক: জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সর্বত্র নানা অনুষ্ঠান চলছে। বাংলাদেশ পূজা পরিষদ কৃষ্ণপুজোর আয়োজন করেছে। এ ছাড়া একাধিক সংগঠন হরিনাম সংকীর্তনের এবং নামযজ্ঞের আয়োজন করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন। সেখানে তিনি বলেন, তাঁর সরকার মনে করে ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্ম নির্বিশেষে সবার জন্য নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেন তিনি। ভাষণে নাম না করে শেখ হাসিনার সঙ্গে মথুরার রাজা কংসের নিষ্ঠুরতার তুলনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সে দেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শ্রীকৃষ্ণ ছিলেন পরোপকারী, দক্ষ রাজনীতিক ও সমাজ সংস্কারক। তিনি পৃথিবীতে এসেছিলেন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের প্রতীক হয়ে। বাংলাদেশে ধর্মীয় হিংসা এবং সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ উঠেছে সম্প্রতি। সেই আবহে প্রধানমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কেউ যেন সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকে প্রত্যেককে সজাগ থাকতে হবে। সমাজে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনেরও কথা বলেন তিনি। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার বাংলাদেশে একাধিক বড় অনুষ্ঠান চলছে। এদিন বিকেল ৩টেয় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল শুরু হবে। এই মিছিল ঢাকার পলাশী মোড় থেকে শুরু হয়ে যাবে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত। সূত্রের খবর, মিছিলে হাঁটবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।