অরুপ পোদ্দার, ওঙ্কার বাংলা : ফারাক্কার কাছে রেললাইনে ধ্বসের কারণে বাতিল করে দেওয়া হয়েছে একের পর এক কলকাতা গামী ট্রেন। রেলপথের যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের। বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে যে সমস্ত ট্রেন এসে পৌঁছেছে সেগুলো কোনওটা দু’ঘণ্টা বা তারও বেশি সময় দেরিতে পৌঁছেছে। শুক্রবার উত্তরবঙ্গ এবং কলকাতার মধ্যে সিহভাগ ট্রেন ইতিমধ্যেই বাতিল করেছে রেল।
শুক্রবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়া পর্যন্ত শতাব্দী এক্সপ্রেস রিসিডিউল করা হলেও পরবর্তীতে তা বাতিল করতে বাধ্য হয় রেল। যে কারণে যাত্রীদের চরম বিপাকে পড়তে হয়েছে। অন্যদিকে এই সুযোগে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে বেসরকারি বাসগুলির বিরুদ্ধে। শতাব্দী এক্সপ্রেসের যাত্রী রাহুল দাস বলেন, ‘ট্রেন প্রথমে রিসিডিউল করা হয়েছিল, পরবর্তীতে তা বাতিল করে দেওয়া হয়। যে কারণে সমস্যায় পড়তে হয়েছে। এখন বিকল্প পথে কলকাতা ফিরতে হবে।’
শুক্রবার রেলের তরফে জানানো হয়েছে, মালদহ ডিভিশনের নিউ ফরাক্কা স্টেশনের কাছে মাটি বসে যাওয়ার কারণে রাত ১টা ২০ মিনিট থেকে তিলডাঙা-নিউ ফরাক্কা সেকশনের আপ লাইনে ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তবে ডাউন লাইনে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। পরিস্থিতির কথা বিবেচনা করে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। যেগুলির মধ্যে রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, জোগবনী এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, কামাখ্যা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস এবং বন্দে ভারত।