ওঙ্কার ডেস্ক: তাপমাত্রা বাড়তে বাড়তে দিল্লির চেয়েও উষ্ণ হয়ে উঠতে পারে দার্জিলিং। এমনই সতর্ক বার্তা পরিবেশবিদদের। ফলে অবিলম্বে বাড়ি নির্মাণে নির্ধারিত বিধি মেনে চলার উপর জোর দিয়েছেন তাঁরা। নইলে বাঙালির সাধের শৈলশহর অচিরেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। রাষ্ট্রসংঘের জলবায়ু বিষয়ক বিজ্ঞান পর্যালোচনা সংস্থা ‘ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ’ (আইপিসিসি) তাদের সতর্ক বার্তায় জানিয়েছে, আগামী কয়েক দশকে প্রবল বৃষ্টিপাতের ঘটনা বেড়ে যাবে। এর ফলে ভূমিধসের ঝুঁকিও বাড়তে পারে পাহাড়ে।
আইপিসিসি-র রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী কয়েক দশকে মনোরম আবহাওয়া পালটে যেতে পারে দার্জিলিংএ। দিল্লির চেয়েও উষ্ণ হয়ে উঠতে পারে এই শহর। ২১০০ সালের মধ্যে দার্জিলিংয়ের গড় তাপমাত্রা ৫.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রিপোর্টে। তাপমাত্রা বেড়ে যাওয়ার প্রবণতা ইতিমধ্যে শুরু হয়েছে, যার ফলে পাহাড়ের বাস্তুতন্ত্রেও পরিবর্তন দেখা দিচ্ছে। অসময়ে ফুটছে রডোডেনড্রন। বৃষ্টিপাতের ঘটনাও বেড়ে গিয়েছে, যে কারণে শহর ও এর আশপাশের এলাকায় ভূমিধসের ঘটনাও বেড়েছে।
পরিবেশবিদদের সতর্ক বার্তা, দার্জিলিং শহরে যে প্রক্রিয়ায় উন্নয়ন হচ্ছে তাতে বদল আনতে হবে। নইলে অচিরেই তা ধ্বংস হয়ে যেতে পারে। ২০২১ সালে ভারী বৃষ্টির কারণে এই শহরে ২৭০টির বেশি ভূমিধসের ঘটনা ঘটেছিল। ২০১৮-২০২০ সালের মধ্যে ১৩৮টি দুর্যোগের ঘটনা ঘটে। তার মধ্যে প্রায় একশোটি ভূমিধসের ঘটনা। ২০১৫ সালে দার্জিলিং এ ধারাবাহিক ভূমিধসের ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছিল।