ওঙ্কার ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে দীর্ঘ সাড়ে তিন বছর অতিক্রান্ত। এই সংঘাত থামাতে ভারত সব ধরনের সাহায্য করতে প্রস্তুত বলে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে বৈঠক করেন তিনি। কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন জয়শঙ্কর। বৈঠক শেষে তিনি বার্তা দেন, যুদ্ধ বন্ধে সাহায্য করতে প্রস্তুত ভারত।
ভারতের বিদেশমন্ত্রী বলেন, ‘ভারত শুরু থেকেই বলে আসছে এটি যুদ্ধের যুগ নয়। যুদ্ধক্ষেত্র থেকে স্থায়ী কোনও সমাধানও বেরিয়ে আসবে না।’ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকে বিশকেকে পুতিনের সঙ্গে বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানেও তিনি শান্তির বার্তা দিয়েছিলেন। সেই প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে বিদেশমন্ত্রী বলেন, ‘সংঘাতের প্রতিটি দিন মানেই আরও মানুষের মৃত্যু এবং বিপুল ধ্বংসযজ্ঞ। উভয় পক্ষকেই নিজেদের মধ্যে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। এই প্রক্রিয়ায় ভারত যদি কোনও ভাবে সাহায্য করতে পারে, সে জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর সমাজ মাধ্যমে ভারতের বিদেশমন্ত্রী লেখেন, সংঘাত অবসানের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। শান্তি প্রক্রিয়ায় সহযোগিতা করার ইচ্ছা প্রকাশের জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাঁর আশা, যুদ্ধ থামিয়ে বিশ্বজুড়ে শান্তি ফেরাতে অন্য দেশগুলিও ভারতের মতো স্পষ্ট ও গঠনমূলক ভূমিকা নেবে।