ওঙ্কার ডেস্ক: বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও হত্যার পর উত্তেজিত জনতা এক যুবককে অভিযুক্ত সন্দেহে পিটিয়ে হত্যা করেছিল। পরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন নিহত যুবক ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না, তিনি নির্দোষ ছিলেন। গণপিটুনির ওই ঘটনায় এবং পুলিশের উপর হামলায় যুক্ত থাকায় আরও পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। সব মিলিয়ে এই জোড়া ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আর যারা জড়িত রয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি অভিযান জারি রয়েছে। পুলিশ জানিয়েছে, গণপিটুনি ও পুলিশের উপর হামলার ঘটনায় প্রথমেই ১৮ জনকে গ্রেফতার করা হয়েছিল। এর পরে আরও ১২ জনকে পাকড়াও করা হয়। বৃহস্পতিবার রাতে আরও পাঁচ জনকে ধরা হয়। ফলে এখনও পর্যন্ত মোট ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ জন।
উল্লেখ্য, শনিবার বারুইপুরের সূর্যপুরে এক নাবালিকা নিখোঁজ হয়। রবিবার সকালে পুকুর থেকে তার দেহ উদ্ধার হয় বস্তাবন্দি অবস্থায়। পরিবার গণধর্ষণ ও খুনের অভিযোগ তোলে। পরে ময়নাতদন্তের রিপোর্টেও সেই প্রমাণ মেলে। ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা পথ আটকে বিক্ষোভ দেখায়। পুলিশের উপরও হামলা হয়। রেল লাইন উপড়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে তৎপরতা বাড়িয়ে পুলিশ ব্যাপক ধড়পাকড় চালায়।