ওঙ্কার ডেস্ক: অস্ট্রেলিয়া সফরে গিয়ে সে দেশের সঙ্গে একাধিক চুক্তি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ভারতীয়দের প্রশংসাও করেন। তাঁকে বলতে শোনা যায়, ভারতীয়রা দুধে চিনির মতো।
পর্যবেক্ষকদের মতে, ভারতের প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে দাঁড়িয়ে বোঝাতে চেয়েছেন ভারতীয়রা কতটা বন্ধুসুলভ, এদিন অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ‘বন্ধুত্ব’ও উল্লেখ করেন মোদী। তিনি বলেন, ‘আমরা ভারতীয়রা দুধে চিনির মতো। তাতে সেটা আরও মিষ্টি হয়ে যায়। আমরা যেখানেই যাই ভালবাসা ছড়াই। আপনাদের বাড়িতে দুধটা হয়তো অস্ট্রেলিয়ার, চা কিন্তু ভারতীয়।’ মোদীর এই মন্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় প্রবাসীদের। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এদিন মন্তব্য করেন, ভারত-অস্ট্রেলিয়া অংশীদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ। যেখানে এক আর এক যোগ হয়ে দুই হয়। কিন্তু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পালটা একটি জনপ্রিয় হিন্দি প্রবাদ ব্যবহার করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘একের পাশে এক বসলে দুই নয়, এগারো হয়।’
উল্লেখ্য, বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। তার পর দিন বৃহস্পতিবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। যার মধ্যে অন্যতম পরমাণু বিষয়ক চুক্তি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর বৈঠকেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে সূত্রের খবর। গত বছর পহেলগাঁও হামলার জবাবে ভারত যে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল, মেলবোর্নে ভারতীয়দের সামনে ভাষণ দেওয়ার সময় সেই প্রসঙ্গও উঠে আসে মোদীর মুখে। অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে ভারতের সেনাবাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল। এ প্রসঙ্গে মোদী বলেন, জঙ্গি ঘাঁটিতে ভারতের হানার সময় বিশ্বজুড়ে তার শব্দ শোনা গিয়েছিল।