ওঙ্কার ডেস্ক: ধর্মনিরপেক্ষ দেশে পুলিশের প্রশিক্ষণে ভাগবদ গীতা পাঠের নির্দেশ। মধ্যপ্রদেশে এই নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিরোধী দল কংগ্রেস বিষয়টিকে হিন্দুত্ববাদী মানসিকতার প্রকাশ বলে সরব হয়েছে। যদিও ক্ষমতাসীন দল বিজেপি বিষয়টি নিয়ে বলেছে, এটি নৈতিকতা সংক্রান্ত অনুশীলন।
অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ – (প্রশিক্ষণ) রাজা বাবু সিং এর তরফে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, মধ্যপ্রদেশের আটটি পুলিশ প্রশিক্ষণ স্কুলকে শিক্ষানবিশদেরকে রাতে ধ্যানের আগে ভাগবদ গীতার একটি অধ্যায় পাঠ করাতে হবে। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, গীতা শিক্ষানবিশদেরকে ধার্মিক জীবনযাপনের পথ দেখাবে। তাঁর কথায়, ‘বৃহস্পতিবার থেকে মার্গশীর্ষ (আগহণ) মাস শুরু হয়েছে, যাকে শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের মাস বলা হয়েছে। আমি চাই সমস্ত পুলিশ সুপারিনটেনডেন্টরা এই পবিত্র মাসে রাতে ধ্যানের আগে সম্ভব হলে শিক্ষানবিশদেরকে শ্রীমদ্ভাগবদ গীতার একটি অধ্যায় পাঠ করান।’ উল্লেখ্য, কয়েক মাস আগে এডিজিপি তুলসীদাসের রামচরিতমানসের শ্লোক পাঠে উৎসাহিত করেছিলেন প্রশিক্ষণার্থীদের। এর ফলে তাঁদের মধ্যে শৃঙ্খলা এবং নৈতিকতা জেগে উঠবে। তিনি আরও বলেন, গোয়ালিয়র রেঞ্জের এডিজিপি পদে তিনি যখন দায়িত্বে ছিলেন, সে সময় সংশোধনাগারের বন্দীদের মধ্যে ভাগবদ গীতার কপি বিতরণ করেছিলেন। পাশাপাশি এই ধরণের পাঠ পর্ব শুরু করেছিলেন তিনি।
অন্য দিকে এই নির্দেশিকাকে ‘পুলিশকে গেরুয়াকরণ করার একটি অসাংবিধানিক প্রচেষ্টা’ বলে সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বলেন, ‘প্রত্যেক ব্যক্তিকে তাঁর নিজের বিশ্বাসকে অনুসরণ করতে দেওয়া উচিত। বাহিনীকে উগ্রপন্থী করার প্রচেষ্টা মধ্যপ্রদেশ থেকে শুরু হচ্ছে।’ এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি করেন তিনি।
