প্রীতম দাস, বীরভূম : বড়সড় সাফল্য বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশের। পুলিশের জালে ধরা পড়ল দুটি গাড়ি ভর্তি জাল লটারির টিকিট। বিক্রির আগেই দুবরাজপুর থানার পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে দুটি গাড়ি ভর্তি প্রায় ১০ কোটি টাকার জাল লটারির টিকিট। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। এই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ৩ জন অভিযুক্ত ।
ধৃতদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ রাজ্য সরকারের কর ফাঁকি দিয়ে এই লটারির কারবার শুরু হয়েছে বীরভূমে। দুবরাজপুর থানার অভিযানে বাজেয়াপ্ত হয় প্রায় কয়েক লক্ষ জাল লটারির টিকিট।
পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার রাত্রে গোপন সূত্রে এই জাল লটারি টিকিটের খবর পায় দুবরাজপুর থানার পুলিশ। এরপরই দুবরাজপুর পুলিশের পক্ষ থেকে দুবরাজপুর থানার সামনে রানীগঞ্জ মুরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের দুটি গাড়িকে আটকানো হয়েছিল। দুবরাজপুরের সিআই শুভাশিস হালদার ও দুবরাজপুর থানার ওসি মনোজ সিং এর তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। আটক করা গাড়ির দুটি ডিকি খুলতেই অবাক হয়ে যায় পুলিশ। দুটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল ১১ বস্তা জাল লটারি টিকিট।
উল্লেখ্য এর পাশাপাশি বেশ কয়েকটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঘটনার পরই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম কৈলাস দাস, জহন বড়ুয়া, দ্বীপ পাল। প্রত্যেকেরই বাড়ি সিউড়িতে।
যদিও ইতিমধ্যেই দুবরাজপুর থানার পুলিশ জাল লটারির টিকিট নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। প্রায় ১০ কোটি টাকার জাল লটারির টিকিট উদ্ধার করা গেছে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার ধৃত তিনজনকে দুবরাজপুর আদালতে তোলা হবে বলে খবর।
