ওঙ্কার ডেস্ক: রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা বঙ্গে এসআইআর শুরু হওয়ার আগে থেকেই দাবি করে আসছিলেন, ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু হলে এক কোটি ভোটারের নাম বাদ যাবে। যদিও সোমবার কমিশনের তরফে জানানো হল বিশেষ নিবিড় সমীক্ষায় বাদ পড়তে চলেছে অন্তত ১০ লক্ষ ভোটারের নাম।
কমিশন সূত্রের খবর, রাজ্যের অন্তত ১০ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে। নীচু তলায় যে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করা এবং সংগ্রহের যে কাজ করছেন, তার ভিত্তিতে পাওয়া তথ্যের ভিত্তিতে এমনটাই জানা গিয়েছে। কমিশন সূত্রের খবর, বাদ পড়তে চলা এই ১০ লক্ষ ভোটারের মধ্যে ৬.৫ লক্ষ ভোটার মৃত। রয়েছে নকল, স্থানান্তরিত এবং নিরুদ্দেশ হওয়া ভোটারও। কমিশনের হিসেব অনুযায়ী, ২৪ নভেম্বর অর্থাৎ সোমবার পর্যন্ত রাজ্যে ৯৯.৭৫ শতাংশ ভোটারের কাছে এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। সংখ্যার হিসেবে যা ৭ কোটি ৬৪ লক্ষের কাছাকাছি। ইতিমধ্যে ডিজিটাইজ করা হয়ে গিয়েছে ৪ কোটিরও বেশি ফর্ম।
কমিশন সূত্রের খবর, ১৪ হাজার ৯৯৭টি নতুন বুথ তৈরির পরিকল্পনা রয়েছে কমিশনের। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী এদিন বলেন, ‘২৯৪ আসনে এসআইআর এর কাজ জোর কদমে চলছে। কাজ অনেকটা গুটিয়ে আনা হয়েছে। মোট ৮০ হাজার ৬৮১ বুথ রয়েছে। ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ মোট ভোটার রয়েছে, সেই অনুযায়ী এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে।’
