অর্পিতা মুখার্জী, কলকাতা: ২৪ পরগনার পানিহাটিতে ফের রাজনৈতিক অশান্তি। এবার বাজারের মধ্যে মারামারি থামাতে গিয়ে মৃত্যু হল এক বিজেপি কর্মীর। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ চাইলেন স্থানীয় বিধায়ক রত্না দেবনাথ। এলাকার আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বাজারে এক ব্যবসায়ীকে মারধর করা হচ্ছিল বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন পানিহাটি-১ মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহা। অভিযোগ, এরপর দলেরই কয়েকজন কর্মী তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
স্ত্রীকে অপমান করা হচ্ছে দেখে প্রতিবাদ করতে যান রুমার স্বামী অরূপ সাহা। তিনিও বিজেপির সক্রিয় কর্মী। অভিযোগ, তখনই একদল যুবক তাঁর উপর চড়াও হয়। ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন অরূপ।
শনিবার রাতেই তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। কিন্তু রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রুমার অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকেরাই এই হামলা চালিয়েছে। পানিহাটি-১ মণ্ডলের যুব মোর্চা সভাপতির দিকেও আঙুল উঠেছে।
রুমার কথায়, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে কাঁকিনাড়ার দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বাজারে একটি দোকানের সামনে কয়েকজন যুবককে বচসা করতে দেখে তিনি দাঁড়িয়ে যান। কী হয়েছে জানতে চান। সবাইকে শান্ত হয়ে বাড়ি চলে যেতে বলেন। বিষয়টি বিধায়ককেও জানান।
কিন্তু বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই ফের গন্ডগোল হচ্ছে বলে ফোন আসে। তখন স্বামীকে নিয়ে আবার ঘটনাস্থলে যান তিনি। রুমার দাবি, “ওখানে রাজদীপ, রাজা তহশিলদার, সুরজিৎ বিশ্বাস ওরফে ননী-সহ প্রায় ৪০-৫০ জন যুবককে দেখতে পাই। তাঁদের মধ্যে নির্মল ঘোষের অনুগামীরাও ছিলেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পায়েল ও রাজা তহশিলদার আমার দিকে তেড়ে আসেন। আমার স্বামী তাই দেখে প্রতিবাদ করেন। তখন রাজা তহশিলদার-সহ কয়েকজন ওর বুকে ধাক্কা মেরে সরিয়ে দেন।”
তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি রুমার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি থানায় ফোন করেন। কিন্তু থানার আইসি তাঁকে পুলিশ কমিশনারেটে ফোন করতে বলেন বলে অভিযোগ। পরে স্বামীকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। রুমার কথায়, “বাড়িতে ফেরার পর অরূপের চোখ-মুখ উল্টে যায়। কথা বলার মতো শক্তিও ছিল না।”
সদ্য স্বামীহারা রুমাকে সান্ত্বনা দিতে গিয়ে ক্ষোভ উগরে দেন বিধায়ক রত্না দেবনাথ। তাঁর অভিযোগ, “পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে জেলা সভাপতি চণ্ডীচরণ রায় নিজের পছন্দমতো আহ্বায়ক নিয়োগ করেছেন। তাঁদের মধ্যে অধিকাংশই তৃণমূল থেকে বিজেপিতে আসা।”
রত্নার দাবি, তৃণমূল থেকে আসা লোকজনই এলাকায় অশান্তি তৈরি করছেন। তিনি পানিহাটি মণ্ডল-১-এর যুব সভাপতি এবং ১৪ নম্বর ওয়ার্ডের নেতার দিকেও আঙুল তুলেছেন। তাঁর আরও অভিযোগ, “পানিহাটির ২৯টি ওয়ার্ডেই আলাদা করে লোক বসানো হয়েছে। অথচ তাঁদের সঙ্গে জেলা সভাপতির কোনও সমন্বয় নেই।” বিধায়কের অভিযোগ, তাঁকে ‘সহ্য করতে পারেন না’ চণ্ডীচরণ। ভোটের ফলের পর যাঁরা বিজেপিতে এসেছেন, তাঁদের দলে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও দাবি তাঁর।
প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রত্না। তাঁর বক্তব্য, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য বারবার প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না। পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে মারামারির ঘটনা ঘটেছে।
তাঁর কথায়, “যে অন্যায় করবে, সে তৃণমূল নয়, বিজেপি নয়, সে অপরাধী। আইন অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত।”
বিধায়ক আরও জানান, তিন-চার দিন আগেই পানিহাটির পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পদক্ষেপও করেছেন। রুমার পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি।
বিজেপির অন্য পক্ষ এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি। এ পর্যন্ত কারও আটক বা গ্রেফতারিরও খবর মেলেনি।