ওঙ্কার ডেস্ক : রবিবার ভোরের দিকে কালো রঙের বিএমডব্লিউ গাড়িটি কোস্টাল রোড ধরে মেরিন ড্রাইভ থেকে হাজি আলির দিকে যাচ্ছিল। সেইসময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা। এতে তিনজন নিহত ও একজন গুরুতর আহত হন। এই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে। দ্রুতগতির গাড়িটি প্রথমে একটি ডিভাইডারের প্রাচীরে ধাক্কা খায়। এরপর ব্রিজ থেকে নিচে এমন একটি জায়গায় পড়ে যেখানে গাড়ি পার্কিংয়ের কাজ চলছিল। গাড়িতে থাকা চারজনকেই দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। ২৩ বছর বয়সী আদিত্য কল্পেশ্বর ওসওয়ালকে ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে—২১ বছর বয়সী শানয় গাজ্জাল, ১৭ বছর বয়সী ধৈর্য দর্শন শেঠ এবং ১৯ বছর বয়সী আদিত্য জাকাসনিয়া।
ভোর ৫টা ২০ মিনিট নাগাদ কোস্টাল রোড কন্ট্রোল রুম দুর্ঘটনার খবর পায়।
দুর্ঘটনার ভয়াবহতা গাড়ির ক্ষতির ধরণ দেখেই বোঝা যাচ্ছে। গাড়িটি ব্রিজে ঝোলানো একটি সাইনবোর্ড ভেঙে চুরমার করে দেয়।
বিএমডব্লিউ গাড়িটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির ছাদটি ভেতরের দিকে তুবড়ে গেছে, সামনের কাঁচ চুরমার। গাড়ির সামনের অংশটিও পুরোপুরি দুমড়েমুচড়ে গেছে। বাম্পারটিও বিচ্ছিন্ন হয়ে গেছে, বেরিয়ে এসেছে ভেতরের যন্ত্রাংশগুলো। পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ ও পরিস্থিতি তদন্ত করছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর, মুম্বাই পুলিশ কোস্টাল রোডের টানেলে রেসিং করার অভিযোগে ল্যাম্বরগিনি, বিএমডব্লিউ এম২ ও বিএমডব্লিউ জেড৪-সহ ছয়-সাতটি সুপারকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। ভারতীয় ন্যায় সংহিতা)-র ২৮১ ও ১২৫ ধারার অধীনে বেপরোয়া গাড়ি চালানো এবং জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে এই মামলাগুলি করা হয়েছিল।